✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৯, | ১৩:৫৪:৫৬ |ইসরায়েলের নির্বাচনের আর এক সপ্তাহের কিছু বেশি সময় বাকি। আর এর মধ্যেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে আসছিলেন নেতানিয়াহু। তবে দুই নেতার সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের কারণে শেষ পর্যন্ত ট্রাম্প তাকে সমর্থন দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুকে ‘মহান যোদ্ধা প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করেন ট্রাম্প। একই পোস্টকে নেতানিয়াহুর প্রতি তার ‘পূর্ণ ও নিঃশর্ত সমর্থন’ বলেও তিনি ঘোষণা করেন বলে জানায় মার্কিন বার্তাসংস্থা সিএনএন।
পাশাপাশি ইরানের সঙ্গে আবারও সংঘাত শুরু হওয়ার ইঙ্গিত দেন মার্কিন প্রেসিডেন্ট। আট মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শুরু হওয়া যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ইরান দ্রুত নিজেদের আচরণ পরিবর্তন না করলে শিগগিরই ‘কাজ শেষ করে দেওয়া হবে’।
ট্রাম্পের সমর্থনের জবাবে নেতানিয়াহু তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ট্রাম্পের ‘বিপুল সমর্থন ও যৌথ কাজের’ জন্য তিনি কৃতজ্ঞ।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের সাংবাদিক ও সিএনএনের বৈশ্বিক বিষয়ক বিশ্লেষক বারাক রাভিদকে সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে সমর্থন দেওয়ার পরিকল্পনা তার আগে থেকেই ছিল। তবে তিনি খুব তাড়াতাড়ি তা প্রকাশ করতে চাননি।
ট্রাম্প আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ভালো। নেতানিয়াহু পুনর্নির্বাচিত হলে তারা একসঙ্গে ভালোভাবে কাজ চালিয়ে যেতে পারবেন। তার ভাষায়, ‘ইসরায়েলের এমন একজন নেতা থাকা গুরুত্বপূর্ণ, যার ওপর তারা নির্ভর করতে পারে।’
নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে ট্রাম্পের সমর্থন এবার শেষ মুহূর্তে এলেও তাদের সম্পর্ক যে আগের মতো মসৃণ নেই, তা স্পষ্ট হয়েছে গত কয়েক মাসের ঘটনাপ্রবাহে।
ইসরায়েলের সড়কগুলোতে নির্বাচনের আগে নেতানিয়াহুর পাশে ট্রাম্পের ছবি এবং ‘ভিন্ন এক স্তর’ স্লোগানসংবলিত বিলবোর্ড দীর্ঘদিন ধরেই পরিচিত দৃশ্য। ২০১৩ সাল থেকে নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে ট্রাম্পের উপস্থিতি দেখা গেছে। সে সময় ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ট্রাম্প ভিডিও বার্তায় ইসরায়েলিদের নেতানিয়াহুকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
২০১৭ সালে ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশের পর দুই নেতার ঘনিষ্ঠতা আরও বাড়ে। ২০১৯ সালের নির্বাচনের আগে নেতানিয়াহু ওয়াশিংটনে গিয়ে অধিকৃত গোলান মালভূমিতে ইসরায়েলের সার্বভৌমত্ব স্বীকৃতির ঘোষণায় ট্রাম্পের পাশে ছিলেন। ২০২০ সালের জানুয়ারিতে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে নিজের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ পরিকল্পনা ঘোষণার সময়ও নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন।
কিন্তু এবার ২৭ অক্টোবরের নির্বাচনের আগে নেতানিয়াহুর বিলবোর্ডে ট্রাম্পকে দেখা যায়নি। যদিও নেতানিয়াহুর লিকুদ পার্টির কিছু প্রচারমূলক ভিডিওতে ট্রাম্প রয়েছেন।
চলতি মাসের শুরুতে টাইম সাময়িকীকে ট্রাম্প বলেছিলেন, তিনি আর ইসরায়েলের রাজনীতিতে জড়িত নন। পরে বৃহস্পতিবার নিউজম্যাক্সকে দেওয়া সাক্ষাৎকারেও নেতানিয়াহুর প্রতি সমর্থন জানানো এড়িয়ে যান তিনি। নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’