✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-১৮, | ১৪:৫২:০৯ |ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ‘বৈদ্যুতিক ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে’ ফরহাদ সরকার (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফরহাদ উপজেলার চরচারতলা গ্রামের মহরমের ছেলে।
আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক ক্যাবল চুরির উদ্দেশ্যে কাটতে গিয়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে তার মরদেহের পাশে ক্যাবল কাটার প্লাস পাওয়া গেছে।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ফেরেননি। পরদিন তার নিখোঁজের বিষয়ে বাবা মহরম আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রায়ই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক ক্যাবল কেটে চুরি করে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।