✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৫, | ১৩:০৩:৫০ |২০২৬-২৭ মৌসুমে নিউজিল্যান্ড ক্রিকেটের সঙ্গে সাধারণ চুক্তিতে যাবেন মাইকেল ব্রেসওয়েল। এর ফলে এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার সুযোগ নিতে পারবেন। ব্রেসওয়েলের সঙ্গে ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেইফার্টও নিউজিল্যান্ডের সাধারণ চুক্তিতে থাকা খেলোয়াড়দের তালিকায় রয়েছেন।
৩৫ বছর বয়সী ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সরে গেলেও নিউজিল্যান্ড দলের জন্য তাকে পাওয়া যাবে। তার জায়গায় কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন নর্দার্ন ডিস্ট্রিক্টসের ব্যাটার নিক কেলি। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১১ বছর পর প্রথমবারের মতো জাতীয় দলের চুক্তি পেলেন তিনি।
নিউজিল্যান্ডের হয়ে খেলার ব্যাপারে নিজের প্রতিশ্রুতি অটুট থাকার কথা জানিয়েছেন ব্রেসওয়েল। সামনে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।
ব্রেসওয়েল বলেন, 'ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এমন সুযোগ নেওয়ার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের সমর্থন আমার কাছে অনেক অর্থবহ। সাদা বলের ক্রিকেটেই এখন মনোযোগ দেওয়া একজন খেলোয়াড় হিসেবে এমন সুযোগ হাতছাড়া করা কঠিন। আমি এখনো ব্ল্যাকক্যাপসের প্রতি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ এবং ভারতের আসন্ন সফর ও ভবিষ্যতের সাদা বলের সিরিজে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছি।'
তিনি আরও বলেন, 'আগামী গ্রীষ্ম থেকে চালু হতে যাওয়া প্রথম এনজেড২০ প্রতিযোগিতায় খেলার সুযোগের দিকেও আমার পুরো নজর রয়েছে।'
৩৩ বছর বয়সী কেলির আন্তর্জাতিক অভিষেক হয় ২০২৫ সালের মার্চে। এরপর তিনি নিউজিল্যান্ডের হয়ে আটটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। চলতি বছরের শুরুতে চোট পাওয়া টম ল্যাথামের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে দুটি টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের নেতৃত্বও দিয়েছেন তিনি।
সম্প্রতি লেস্টারশায়ারের হয়ে খেলে দেশে ফিরেছেন কেলি। বিভিন্ন সংস্করণ মিলিয়ে সেখানে তিনি ৯৫০ রান করেছেন। মিডলসেক্সের বিপক্ষে ওয়ানডে কাপের ফাইনালে ষষ্ঠবারের মতো তালিকাভুক্ত ক্রিকেটে শতরানও করেন তিনি।
নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার ওটাগোর হয়ে দুই মৌসুম কেলিকে কোচিং করিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে কেলির ধারাবাহিক পারফরম্যান্সই তাকে কেন্দ্রীয় চুক্তি এনে দিয়েছে বলে মনে করেন ওয়াল্টার।
ওয়াল্টার বলেন, 'বেশ কয়েক মৌসুম ধরে নিক ঘরোয়া ক্রিকেটে অসাধারণ পারফর্ম করে আসছে। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তার প্রথম জাতীয় চুক্তি পাওয়াটা তার কঠোর পরিশ্রমেরই স্বীকৃতি।'
তিনি আরও বলেন, 'নিকের মতো খেলোয়াড়দের আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা দেরিতে আসারও সুবিধা আছে। কারণ, নিজের খেলার ধরন সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা থাকে এবং চাপের মধ্যে নিজেদের পারফরম্যান্সের ওপর আস্থা রাখার সক্ষমতাও তৈরি হয়।'
শেষ চার ওয়ানডের তিনটিতেই অর্ধশতক করেছেন কেলি। তার অভিজ্ঞতা নিউজিল্যান্ডের দলে বাড়তি মূল্য যোগ করবে বলে মনে করেন ওয়াল্টার।
তিনি বলেন, 'বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কঠিন ব্যাটিং পরিস্থিতিতেও নিক নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।'
'পেশাদার ক্রিকেটে তার ৩০০টির বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দেশের অন্যতম সেরা ফিল্ডারও সে। তাই আমাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের দলে নিক অনেক কিছু যোগ করবে।'