✕


গোলরক্ষকের ভুলে ডেনমার্কের কাছে হারল ওয়েলস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৫, | ১১:০৮:৫১ |

নেশনস লিগে ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরে হতাশায় আন্তর্জাতিক বিরতি শেষ করল ওয়েলস। ম্যাচের দ্বিতীয়ার্ধে গোলরক্ষক ড্যানি ওয়ার্ডের ভুলে পাওয়া পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন রাসমুস হইলুন্দ।

কার্ডিফ সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালোই করেছিল ওয়েলস। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দলের গতি ও আক্রমণের ধার কমতে থাকে। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে পারেনি ক্রেইগ বেলামির দল।

প্রথমার্ধে ডেনমার্কের কয়েকটি আক্রমণ সামলে ওয়েলসকে ম্যাচে টিকিয়ে রাখেন ওয়ার্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে হইলুন্দের একটি শটও দারুণভাবে ঠেকান তিনি। কিছুক্ষণ পর আরও অসাধারণ এক সেভ করে দলকে নিশ্চিত গোল থেকে বাঁচান এই গোলরক্ষক।

জোয়াকিম মেহলের ক্রস থেকে লাজিওর গুস্তাভ ইসাকসেন হেডে বল নিচের ডান কোণে পাঠানোর চেষ্টা করেন। তবে ডান হাত বাড়িয়ে অসাধারণভাবে বল ঠেকিয়ে দেন ওয়ার্ড। বলটি পোস্টে লেগে ফিরে আসে।

কিন্তু এরপরই ম্যাচের ভাগ্য বদলে যায়। সতীর্থ বেন কাবাঙ্গোর কাছ থেকে বল পাওয়ার পর তা নিয়ন্ত্রণ করতে গিয়ে ভুল পাস করেন ওয়ার্ড। বল পেয়ে যান ইসাকসেন। ভুল শুধরাতে গিয়ে তাকে ফাউল করে বসেন ওয়েলসের গোলরক্ষক। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন।

স্পটকিকে কোনো ভুল করেননি হইলুন্দ। ওয়ার্ড একদিকে ঝাঁপ দিলে বল অন্য কোণে পাঠিয়ে ডেনমার্ককে এগিয়ে দেন তিনি।

শেষ দিকে সমতা ফেরানোর চেষ্টা করলেও ডেনমার্কের গোলরক্ষক মাদস হারমানসেনকে তেমন পরীক্ষায় ফেলতে পারেনি ওয়েলস। ফলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

এই হারে নেশনস লিগের গ্রুপ ‘এ৪’-এ তৃতীয় অবস্থানে রয়েছে ওয়েলস। পর্তুগাল নরওয়েকে হারানোয় আপাতত গ্রুপের তলানিতে নামতে হয়নি তাদের। তবে কোচ বেলামি মনে করেন, টানা চার ম্যাচ খেলার ধকল দলের পারফরম্যান্সে স্পষ্ট প্রভাব ফেলেছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..