✕


১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ১৭:১৩:০২ |
দেশের বাজারে ফের বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডার গ্যাসের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করে। নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।

এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।  তারও আগে আগস্ট মাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ঘোষণা করা হয়েছিল এক হাজার ৫৯৮ টাকা।

নতুন দাম কার্যকর হওয়ায় আবাসিক ও অন্যান্য খাতে এলপিজি ব্যবহারের খরচও বাড়বে। বিশেষ করে রান্নার কাজে সিলিন্ডারনির্ভর গ্রাহকদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে।

বাজারে যখন এলপিজির সংকট তীব্র, একই সঙ্গে বাড়তি দামে বিক্রির অভিযোগ—তখন অনেকেই বলছিলেন, সংকটটি কৃত্রিম। দাম বাড়ানো হলে বাজারে সরবরাহ স্বাভাবিক হবে বলেও কেউ কেউ দাবি করছিলেন। এমন পরিস্থিতিতে দাম বাড়ানোর ঘোষণা এলো।

আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম, জাহাজ ভাড়া এবং পরিবহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ার কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

প্রসঙ্গত, নতুন দাম ঘোষণার আগের দুই সপ্তাহে বাজারে এলপিজি সিলিন্ডার না পাওয়ার অভিযোগ ওঠে। তবে ব্যবসায়ীরা সংকটের কথা অস্বীকার করে আসছিলেন।

এর মধ্যে সেপ্টেম্বর মাসে বিইআরসি নির্ধারিত ১ হাজার ৫৮৫ টাকার ১২ কেজি সিলিন্ডার বাজারে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ পাওয়া যায়।

এখন দাম বাড়ানোর পর বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয় কিনা, সেটিই দেখার বিষয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..