✕


মিত্র ইরানকে কখনোই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ১৩:৫৫:০৭ |

কোনো চাপ বা দাবির মুখে রাশিয়া ইরানকে কখনোই ছেড়ে যাবে না বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, মস্কো তেহরানের সঙ্গে অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সম্পর্ক হিসেবে বিবেচনা করে।

শনিবার ইরানি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেদভেদেভ এসব কথা বলেন।

ইরানি জনগণের ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করে মেদভেদেভ জানান, তিনি স্বাধীনতা ও নিজেদের অধিকার রক্ষায় ইরানি জাতিকে অত্যন্ত ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ হিসেবে দেখেছেন। তেহরানে ইসলামি বিপ্লবের প্রয়াত নেতার শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার মনে গভীর ছাপ ফেলেছে বলেও জানান তিনি।

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করা মেদভেদেভ বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে তিনি শোকানুষ্ঠানে যোগ দিতে এবং আয়াতুল্লাহ খামেনেইর প্রতি শ্রদ্ধা জানাতে তেহরান সফর করেছিলেন।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিন প্রয়াত নেতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি আমাকে ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানে অংশ নিতে বলেছিলেন।’

দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা প্রসঙ্গে মেদভেদেভ বলেন, ইরান ও রাশিয়ার সম্পর্ক ‘অভূতপূর্ব উচ্চতায়’ পৌঁছেছে। গত বছর দুই দেশের বাণিজ্যের পরিমাণ ২০ শতাংশেরও বেশি বেড়েছে এবং বাহ্যিক চাপ সত্ত্বেও এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে।

পারমাণবিক খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ছে বলে জানান মেদভেদেভ। তিনি বলেন, সহযোগিতা কেবল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সীমাবদ্ধ নয়। সেখানে আরও একটি বড় বিদ্যুৎকেন্দ্র এবং ছোট আকারের মডুলার রিঅ্যাক্টর নির্মাণের বিষয়েও আলোচনা চলছে। রুশ পারমাণবিক সংস্থা রোসাটমের অংশগ্রহণে বুশেহরের ২ ও ৩ নম্বর ইউনিটের নির্মাণকাজও অব্যাহত রয়েছে।

হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে মেদভেদেভ বলেন, এটি ইরানের জন্য এমন একটি কৌশলগত সম্পদ, যার গুরুত্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার সমতুল্য।

সবশেষে ইরানের সঙ্গে মস্কোর সম্পর্কের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে মেদভেদেভ বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের সম্পর্ককে আমরা কখনোই নষ্ট হতে দেব না—কেউ আমাদের কাছে যা-ই দাবি করুক না কেন। তথ্যসূত্র: প্রেসটিভি।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..