✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৪, | ১৩:৩৫:৪৮ |দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। পর্দার বাইরেও তাদের সম্পর্ক ও রসায়ন নিয়ে নিয়মিতই আলোচনা হয়। এবার ‘রণবালী’ সিনেমার শুটিং সেট থেকে রাশমিকা সঙ্গে খুনসুটির কয়েকটি মুহূর্তের ভিডিও শেয়ার করে ফের আলোচনায় এসেছেন বিজয়।
রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রণবালী’ একটি পিরিয়ড অ্যাকশন ড্রামা। সম্প্রতি ছবিটির সেট থেকে রশ্মিকার সঙ্গে বেশ কিছু বিহাইন্ড দ্য সিন (বিটিএস) মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বিজয়। ছবিগুলোতে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে দুই তারকাকে। তবে ছবির চেয়েও বেশি নজর কেড়েছে বিজয়ের ক্যাপশন।
রাশমিকাকে নিজের প্রতিদিনের আনন্দ ও বিনোদনের উৎস হিসেবে উল্লেখ করে বিজয় লেখেন, ‘এখানে সবাই ওকে কিউট স্যাভেজ বলে ডাকে। আমার প্রতিদিনের বিনোদনকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি নিজে কতটা গম্ভীর, সেই ভাবনা থেকে ও আমাকে প্রতিনিয়ত দূরে রাখে।’
‘রণবালী’র টানটান ও গম্ভীর শুটিংয়ের মধ্যেও দুই তারকার খুনসুটির মুহূর্তগুলো ধরা পড়েছে ছবিতে। বিটিএস ছবিতে রাশমিকাকে বেগুনি রঙের সাবেকি শাড়ি ও সোনার গহনায় দেখা গেছে। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘জয়াম্মা’। অন্যদিকে, বিজয়কে সাদা ঐতিহ্যবাহী পোশাকে ‘শিঙ্গনামালা বব্বিলি রণবালী’ লুকে দেখা গেছে।
ছবিগুলো প্রকাশ্যে আসার পর ভক্তদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। কমেন্ট বক্সে দুই তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনুরাগীরা। অনেকেই তাদের যৌথভাবে ‘Pookie’ নামে অভিহিত করেছেন।
ঐতিহাসিক পটভূমিতে নির্মিত রক্তক্ষয়ী সংগ্রামের গল্পের ছবিতে বিজয়-রাশমিকার রসায়নের ঝলক দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত ‘রণবালী’ আগামী ১৬ অক্টোবর ২০২৬ দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।