✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-১০-০৩, | ১৩:৩৮:৩২ |নাইটক্লাবে একটি ঘটনার জেরে আচরণবিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। দেশটির ইংল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে এই অভিযোগটি আনা হয়েছে। গত ২৩ আগস্ট ডার্বিতে ডারহামের সতীর্থদের সাথে আনন্দঘন একটি রাতের পর পুলিশ কার্সকে হাতকড়া পরিয়ে আটক করেছিল।
পরবর্তীতে মদ্যপ অবস্থায় বিশৃঙ্খল আচরণের সন্দেহে তাকে আটক করা হয়েছিল, তবে ঘটনাস্থল ত্যাগ করতে সম্মত হওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছিল, তারা এই ঘটনার বিষয়ে অভিযোগ তদন্ত করছে, কিন্তু সেপ্টেম্বরে তারা সিদ্ধান্ত নেয়, এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না।
কমপ্লায়েন্স বা নিয়ম-কানুন তদারককারী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, ক্রিকেট রেগুলেটরের তদন্তের পর, ব্রাইডন কার্সের বিরুদ্ধে ইসিবির পেশাদার আচরণবিধির ৩.২ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের দল থেকে কার্সকে সরিয়ে নেওয়া হয় এবং এরপর থেকে তিনি আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি।
গত মাসে ইংল্যান্ডের হোয়াইট-বল দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেছিলেন, আমার মনে হয় আন্তর্জাতিক অঙ্গন থেকে তার কিছুটা বিরতি প্রয়োজন। সে পর্দার আড়ালে কিছু বিষয় নিয়ে কাজ করছে এবং আশা করি ভবিষ্যতে কোনো এক সময় সে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে। গত বছরের শেষদিকে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরের বিপর্যয়কর ফলাফলের পর থেকে ইংল্যান্ড দল যেসব মদ্যপান-জনিত বিতর্কের মুখে পড়েছে, কার্সের এই অসদাচরণ ছিল সেই ধারাবাহিকতারই সর্বশেষ ঘটনা।
টেস্ট অধিনায়ক জো রুট বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে অধিনায়ক হিসেবে তার জয়ী প্রত্যাবর্তনের ঘটনা থেকে কার্সের বিষয়টি মনোযোগ সরিয়ে নেওয়ায় তিনি বেশ বিরক্ত হয়েছিলেন। বৃহস্পতিবার এই মাসের শেষের দিকে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠেয় ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের দল থেকেও কার্সকে বাদ দেওয়া হয়েছে।