✕


মৌলভীবাজারে কলেজছাত্র হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:৪৩:৪৬ |

মৌলভীবাজার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ রবিউল আউয়াল এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. নুরুল ইসলাম, মো. সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাদের মধ্যে নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন পলাতক রয়েছেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী।

মামলার এজাহার ও আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার চেরাগ মিয়ার বাড়িতে চাঁদা নিতে যাওয়ার অভিযোগ ওঠে নুরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে। এ সময় চেরাগ মিয়া ও তাঁর স্ত্রী শামসুন নাহারকে গালাগাল ও মারধর করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

বাবা-মাকে রক্ষা করতে এগিয়ে গেলে কলেজছাত্র নাঈমকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার দুই দিন পর ৯ নভেম্বর নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে মৌলভীবাজার মডেল থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও শুনানি শেষে চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন আদালত। অপর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি ড. আব্দুল মতিন চৌধুরী বলেন, প্রকৃত আসামিদের দণ্ড হওয়ায় বাদী পক্ষসহ মানুষের আইনের প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও বাড়বে।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত নাঈমের বাবা চেরাগ মিয়া ও তার স্বজনেরা। তারা বলেন, ‘আমরা ন্যায়বিচার পেয়েছি।’ একই সঙ্গে তারা রায় দ্রুত কার্যকর এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..