✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-৩০, | ২০:৩৪:৪০ |চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় অনলাইন জুয়ায় টাকা হারিয়ে বাকবিতন্ডার সময় ছুরিকাঘাতে সানজু বিবি (৩৫) নামে এক নারীকে খুন করার দায়ে তার স্বামী মো. জাবেদকে (৪২) গ্রেফতার করেছে এসআরবি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বন্দর থানার আদর্শ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাবেদ ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
এসআরবি সূত্র জানায়, অভিযুক্ত জাবেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত ছিল। জুয়ায় টাকা হারানোকে কেন্দ্র করে বুধবার সকালে তার স্ত্রী সানজুর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জাবেদ ক্ষিপ্ত হয়ে স্ত্রীর গলায় ছুরিকাঘাত করে। এসময় সানজুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে জাবেদ পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় সানজুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এসআরবি-৭ সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ঘটনার পর অভিযুক্ত জাবেদ বন্দর পুরাতন মার্কেট এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে দুপুর পৌনে ১২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, বসতঘরের সামনে থাকা একটি কাঁঠাল গাছের নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।