✕


রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় ৩ জন আহত

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-২৯, | ১৪:০৯:৪৯ |

রাজধানীর বাড্ডায় পৃথক সময়ে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে আলাতুন্নেছা স্কুলের আশপাশ ও মেরুল বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। 

আহতরা হলেন মো. আলামিন (২৫), সাইফুল ইসলাম (২৩) ও স্কুলশিক্ষার্থী আব্দুল্লাহ (১৬)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. সেলিম হোসেন জানান, আহত তিনজনই সোমবার রাতে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত স্কুলশিক্ষার্থী আব্দুল্লাহর মামা কাওসার তারেক জানান, রাত আনুমানিক ১০টার দিকে কয়েকজন বন্ধুর সঙ্গে বাড্ডার আলাতুন্নেছা স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। এর কিছু সময় আগে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছিল বলে তারা শুনেছেন। পরে এক পক্ষ রাস্তায় যাকে পেয়েছে, তাকেই মারধর ও ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন তিনি।

আব্দুল্লাহ স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী। তার বাসা মধ্য বাড্ডা এলাকায়।

এর কিছু সময় আগে একই এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনায় আলামিন নামে এক যুবক গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু রাসেল জানান, আলামিনের বাসা আলাতুন্নেছা স্কুলের পেছনে। ওই সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় তার ডান হাঁটুতে গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে রাত আনুমানিক ১১টার দিকে মেরুল বাড্ডা বাজার গলিতে গুলিবিদ্ধ হন ফ্রিজ মেকানিক সাইফুল ইসলাম। তিনি বাড্ডার বাজার গলির মণ্ডল বাড়িতে থাকেন।

সাইফুলের প্রতিবেশী মোহন গাজী জানান, রাতে বাসায় ফেরার পথে দুই হেলমেট পরা ব্যক্তি তাকে পথরোধের চেষ্টা করেন। ভয়ে সাইফুল দৌড়ে পালানোর সময় পেছন থেকে তারা গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে। পরে মোহন গাজী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

বাড্ডা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মো. আবু জাফর জানান, থানার এলাকায় দুটি ঘটনা ঘটেছে। ঘটনাগুলোর বিষয়ে রাত থেকেই আইনি কার্যক্রম চলছে। পুলিশের কর্মকর্তারা ঘটনাগুলো নিয়ে কাজ করছেন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..