✕


চীনা গাড়ির চাপে বন্ধ হওয়ার পথে ফক্সওয়াগনের ‘সেয়াট’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১৯, | ০১:৫৭:৩৫ |
ফক্সওয়াগন সম্প্রতি বড় ধরনের ব্যবসায়িক পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে।

চীনা গাড়ি নির্মাতাদের দ্রুত উত্থানে চাপ বাড়ছে পুরনো গাড়ি ব্র্যান্ডগুলোর ওপর। এরই মধ্যে জার্মান গাড়ি নির্মাতা ফক্সওয়াগনের ঐতিহ্যবাহী স্প্যানিশ ব্র্যান্ড ‘সেয়াট’ বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ফক্সওয়াগন সম্প্রতি বড় ধরনের ব্যবসায়িক পরিবর্তনের পরিকল্পনা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে সেয়াটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির একটি সূত্র জানিয়েছে, ২০৩০ সালের পর সেয়াট ব্র্যান্ড নামে নতুন কোনো ঐতিহ্যবাহী পেট্রল বা ডিজেলচালিত গাড়ি বাজারে নাও আসতে পারে। সেয়াটের পরিবর্তে এর নতুন ও সম্ভাবনাময় ব্র্যান্ড ‘কুপ্রাকে’ ইভি ও ভবিষ্যতের গাড়ির জন্য প্রাধান্য দেয়া হবে।

সেয়াট বন্ধ হলে এটি হবে এক দশকের বেশি সময়ের মধ্যে বড় কোনো গাড়ি ব্র্যান্ডের উল্লেখযোগ্য বিলুপ্তির ঘটনা। এর আগে ২০১০-এর শুরুতে ফোর্ড মারকারি বন্ধ করে। স্যাটার্ন ও পন্টিয়াক ব্র্যান্ড বন্ধ করে জেনারেল মোটরসও।

ফক্সওয়াগনের প্রধান নির্বাহী কর্মকর্তা অলিভার ব্লুম কোম্পানির বড় পরিসরের পুনর্গঠন করছেন। এর অংশ হিসেবে বিনিয়োগ ও কার্যক্রম কেন্দ্রীভূত করা হচ্ছে শক্তিশালী ব্র্যান্ডগুলোর দিকে। একই সঙ্গে কর্মী কমানোর পরিকল্পনাও নেয়া হয়েছে।

ফক্সওয়াগনের জন্য বড় একটি সমস্যা হয়ে উঠেছে চীনের বাজার। সেখানে স্থানীয় গাড়ি নির্মাতারা দ্রুত বাজার দখল করছে। ফলে ফক্সওয়াগনের চীনে বিক্রি কমেছে। পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়িতে বা ইভি রূপান্তরের জন্য বিপুল বিনিয়োগের চাপও রয়েছে।

সেয়াট ১৯৫০ সালে স্পেনের তৎকালীন রাষ্ট্রীয় কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮৬ সালে ফক্সওয়াগন এটি কিনে নেয়। পরে ব্র্যান্ডটি ফক্সওয়াগনের কম দামের গাড়ির ব্র্যান্ড হিসেবে পরিচিতি পায়। তবে ২০২০ সালের পর সেয়াট নতুন কোনো মডেল বাজারে আনেনি। ২০২৫ সালে ফক্সওয়াগনের মোট গাড়ি সরবরাহের ৩ শতাংশেরও কম ছিল সেয়াটের।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..