আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানের একটি নৌজাহাজের সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। এই ঘটনার পর নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান (চার্জ দ্য অ্যাফেয়ার্স) সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাগরে পাকিস্তানি নৌবাহিনীর পেশাদারিত্বহীন ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে নয়াদিল্লি তাদের কড়া প্রতিবাদের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। তবে বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে, পাকিস্তানি নৌজাহাজের এই অনাকাঙ্ক্ষিত আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, টহল ও সেনা গতিবিধি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, পাকিস্তানি কূটনীতিককে বিষয়টি নিয়ে তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সকল সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং উভয় দেশের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির বিধানসমূহ মেনে চলার ওপর জোর দেওয়া হয়েছে। এই বার্তাটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্যও তাকে নির্দেশ দেওয়া হয়। এর পাশাপাশি, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে একইভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিশেষ সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চলাকালে একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর একটি সামনের সারির যুদ্ধজাহাজের বিপজ্জনকভাবে কাছাকাছি চলে আসে। ঘটনাটি ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে ঘটেছিল, যেখানে উচ্চ গতিতে আসা পাকিস্তানি জাহাজটি অত্যন্ত পেশাদারিত্বহীন ও অনিরাপদভাবে গতিপথ পরিবর্তন করে ভারতীয় জাহাজটিকে গা ঘেঁষে অতিক্রম করে এবং একপর্যায়ে ধাক্কা দেয়। তবে এতে কোনো হতাহত বা বড় কোনো ক্ষতি হয়নি। ঘটনার সাথে সাথে দুটি জাহাজই নিজ নিজ পথে সরে যায়। যদিও এই ঘটনায় কোন কোন মডেলের জাহাজ জড়িত ছিল তা এখনো নির্দিষ্টভাবে প্রকাশ করা হয়নি।
সূত্র: এনডিটিভি
এ জাতীয় আরো খবর..