✕


ইয়েমেনের মানবিক সংকট তীব্র আকার ধারণ করতে যাচ্ছে : বিশ্লেষক

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-১২, | ০০:৪৬:৪৩ |

হুথি বিদ্রোহীদের নতুন আগ্রাসনের ফলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির গবেষক ফারিয়া আল-মুসলিমি সতর্ক করে বলেছেন, এমনিতেই অন্যতম চরম মানবিক সংকটের মধ্যে থাকা ইয়েমেনের অবস্থা এখন দ্রুত অবনতির দিকে এগোচ্ছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইয়েমেন আগে থেকেই বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। উত্তরাঞ্চলে ত্রাণ সংস্থাগুলোর ওপর হুথিদের দমনপীড়নের পর পরিস্থিতি আরও শোচনীয় হয়ে পড়ে। একটি ভঙ্গুর যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে যুদ্ধ থামেনি। এর ফলে ইয়েমেনের অবশিষ্ট অর্থনীতিটুকুও ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ পরিবার সম্পূর্ণ আয়হীন অবস্থায় দিন পার করছে।

সাম্প্রতিক এই সংঘাত ইয়েমেনে নতুন করে দুটি বড় সংকট তৈরি করবে বলে সতর্ক করেছেন আল-মুসলিমি। প্রথমত, অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি মারাত্মক আকার নেবে। তিনি জানান, শুধু গত এক সপ্তাহেই অন্তত ১০ হাজার পরিবার নিজেদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দ্বিতীয়ত, দেশের ভেতরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে যাবে।

যেহেতু একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথকে কেন্দ্র করে এই সংঘাত চলছে, তাই এটি নিশ্চিতভাবেই ইয়েমেনের ভেতরে ও বাইরে সহিংসতা আরও বাড়িয়ে দেবে। আল-মুসলিমি হতাশা প্রকাশ করে বলেন, সবচেয়ে বড় সত্য হলো, দেশের ভেতরে বা বাইরের অন্য যেকোনো মানুষের চেয়ে ইয়েমেনের সাধারণ জনগণকেই সবচাইতে বেশি চরম ভোগান্তি পোহাতে হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..