✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১৮:৪৯:৩০ |ইউএস ওপেনে এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছিলেন আরিনা সাবালেঙ্কা। গাঁজার তীব্র গন্ধের কারণে ইউএস ওপেনের একটি ম্যাচ সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হয়েছিলেন র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই তারকা। তবে শেষ পর্যন্ত জিতে চতুর্থ রাউন্ডে উঠেছেন তিনি।
শুক্রবার লুইস আর্মস্ট্রং স্টেডিয়ামে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডের ম্যাচে উজবেকিস্তানের কামিলা রাখিমোভার মুখোমুখি হন সাবালেঙ্কা। ৬-৩, ৬-৪ গেমে জিতে চতুর্থ রাউন্ডে ওঠেন তিনি।
প্রথম সেটে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় আচমকা গাঁজার গন্ধে অস্বস্তি প্রকাশ করেন সাবালেঙ্কা। পরে বিষয়টি আম্পায়ার ইভা আসদেরাকি-মুরকে জানান তিনি।
আম্পায়ারের উদ্দেশে সাবালেঙ্কা বলেন, ‘কেউ গাঁজা খাচ্ছে। একটু দেখবেন? গন্ধটা খুব তীব্র।’
পরে আম্পায়ার ম্যাচ অফিশিয়ালের সঙ্গে কথা বলেন। এরপর পেছনের এক কর্মকর্তার উদ্দেশে তিনি ধূমপানের ইশারা করেন। এরপর আবার খেলা শুরু হয়। ঘটনার পর অবশ্য খেলায় মনোযোগ ফিরে পান সাবালেঙ্কা। শেষ পর্যন্ত সরাসরি সেটে রাখিমোভাকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা করে নেন তিনি।
ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সাবালেঙ্কার অবস্থানও ছিল বেশ স্পষ্ট। কারও ব্যক্তিগত আনন্দে তার আপত্তি নেই, তবে টেনিস কোর্টের আশপাশে ধূমপান না করার অনুরোধ জানিয়েছেন তিনি। হেসে সাবালেঙ্কা বলেন, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি ধূমপান করতে পারেন, যতটা সম্ভব আরাম করতে পারেন। কিন্তু দয়া করে টেনিস কোর্টের আশপাশে এটা করবেন না। সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার সময় এমন গন্ধ সামলানো একটু কঠিন।
সাবালেঙ্কা জানান, এবারের টুর্নামেন্টে এর আগেও গাঁজার গন্ধ পেয়েছেন তিনি। তবে শুক্রবারের মতো এত তীব্র গন্ধ আগে কোনো ম্যাচে পাননি। তার ধারণা, বাতাসের কারণেই বাইরের ধোঁয়া স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছিল।