✕


জাপানের ইয়াকুশিমায় রেকর্ড বৃষ্টিপাত, ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৯-০৫, | ১১:২৫:৫৫ |

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ। শনিবার জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ সতর্কতা জারি করে।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের ওই অঞ্চলে সাম্প্রতিক বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ হিসেবে উল্লেখ করেছে জেএমএ। সংস্থাটির দেওয়া সতর্কবার্তা অনুযায়ী, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে দুর্যোগ সংঘটিত হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

এক বিবৃতিতে জেএমএ জানায়, মানুষের জীবন বর্তমানে তাৎক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় স্থানীয় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথ যদি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, সে ক্ষেত্রে খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে থাকা কোনো ভবনে আশ্রয় নিতে বলা হয়েছে।

জেএমএ সতর্ক করে বলেছে, আরও বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকলে নিরাপদে সরে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় নাও পাওয়া যেতে পারে। তাই নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষায় কোনো ধরনের অপেক্ষা না করে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

একই সঙ্গে জনসাধারণকে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে হিমবাহ ও ভূমিধসের ঘটনায় নেপাল ও চীনে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে এবং এখনো সাড়ে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..