✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৯-০২, | ১৩:৫৯:৩০ |স্থায়ীভাবে শেফিল্ড ইউনাইটেডে চুক্তিবদ্ধ হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নেমেই জয়ের স্বাদ পেলেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নশিপের ম্যাচে বোল্টন ওয়ান্ডারার্সকে ৩-২ গোলে হারিয়ে চলতি মৌসুমে প্রথম জয় তুলে নিয়েছে শেফিল্ড।
ব্রামাল লেনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন হামজা। ঘরের মাঠে নামার প্রথম মিনিটেই অবশ্য ধাক্কা খায় শেফিল্ড। ম্যাচের প্রথম মিনিটে জাভিয়ার সিমন্সের গোলে এগিয়ে যায় বোল্টন।
তবে পিছিয়ে পড়েও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে শেফিল্ড। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও শুরুতে এগিয়ে যায় বোল্টন। সফরকারীদের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্যাম ডাল্বি। তবে এক মিনিট পরই আবার ম্যাচে সমতা ফেরায় শেফিল্ড। প্যাট্রিক ব্যামফোর্ডের গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-২।
শেষ পর্যন্ত ড্রয়ের দিকেই এগোচ্ছিল ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে শেফিল্ডকে কাঙ্ক্ষিত জয় এনে দেন রোমেলে ডোনোভান। তার জয়সূচক গোলে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
পরিসংখ্যানেও ছিল দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই। শেফিল্ড ৫৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রাখলেও বোল্টনের দখলে ছিল ৪৭ শতাংশ। স্বাগতিকরা মোট ২০টি শট নেয়, যার তিনটি থেকে আসে গোল। অন্যদিকে বোল্টন ২১টি শট নিলেও লক্ষ্যে রাখতে পারে মাত্র পাঁচটি, গোল হয়েছে দুটি।
মৌসুমের প্রথম তিন ম্যাচে অপরাজিত থাকলেও কোনো জয় পায়নি শেফিল্ড, তিন ম্যাচই শেষ হয়েছিল ড্রয়ে। চতুর্থ ম্যাচে এসে অবশেষে জয়খরা কাটল দলটির। আর শেফিল্ডে স্থায়ী চুক্তির পর প্রথম ম্যাচেই সেই জয়ের সাক্ষী হলেন হামজা চৌধুরী।