✕


এশিয়ান গেমসের সুযোগ-সুবিধা নিয়ে শীর্ষ দলগুলোর অস্বস্তি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২৯, | ০০:৫৭:০৭ |

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়া ও আইচিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০তম এশিয়ান গেমস। আসরের শেষ পর্যায়ে এসে ক্রিকেট-সংক্রান্ত সুযোগ সুবিধা নিয়ে মহাদেশীয় ক্রিকেট বোর্ডগুলোর মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বিশেষ করে ভেন্যু এবং খেলোয়াড়দের আবাসন ব্যবস্থা নিয়ে আয়োজকদের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে।

ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাম্প্রতিক বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মূলত শীর্ষস্থানীয় দলগুলোর যাদের একটি সূত্র ‘বিগ বয়েজ’ বা ‘বড় দল’ হিসেবে অভিহিত করা হচ্ছে তাদের পক্ষ থেকেই এই উদ্বেগগুলো উঠে এসেছে। এই দলগুলোর মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। যারা এই মহাদেশের টেস্ট খেলুড়ে দেশ। উল্লেখ্য, এশিয়ার গেমসের এবারের আসরে পুরুষ বিভাগে ১০টি এবং নারী বিভাগে ৮টি দল অংশ নিচ্ছে।

জানা গেছে, আয়োজকদের পক্ষ থেকে আবাসনের জন্য যেসব বিকল্প প্রস্তাব করা হয়েছে, তাতে দলগুলো সন্তুষ্ট নয়। দলগুলোর সামনে তিনটি বিকল্প রয়েছে, শহরে অবস্থান করে বুলেট ট্রেনে চড়ে ভেন্যুতে যাওয়া, কাছাকাছি নোঙর করা কোনো জাহাজে থাকা অথবা বিশেষ ধরনের বড় তাঁবুতে (মার্কি টেন্ট) থাকার ব্যবস্থা বেছে নেওয়া।

শীর্ষ দলগুলোর তারকা ক্রিকেটারদের জন্য এর কোনোটিই আদর্শ বা সুবিধাজনক নয়। অন্যান্য খেলার মহাদেশীয় সংস্থাগুলো অনেক আগে থেকেই তাদের দলের জন্য আবাসনের ব্যবস্থা নিশ্চিত করলেও, এশিয়ান ক্রিকেট কাউন্সিল তেমনটা করেনি।

জাপানের নাগোয়ার পূর্ব দিকে ছোট শহর নিসশিন। সেখানেই বসবে এশিয়ান গেমসের ক্রিকেট। ভেন্যুর নাম কোরোগি স্পোর্টস পার্ক। কয়েক মাস আগেও সেটি ছিল বেসবল মাঠ। গত মার্চে এটিকে ক্রিকেটের উপযোগী করে তোলা হয়েছে। তবে ভেন্যুটি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছে  অংশগ্রহণকারী দলগুলো। সেখানে ক্রিকেটারদের জন্য যথাযথ ড্রেসিং রুম নেই বলেও দাবি করেন তারা।

আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা সম্প্রতি এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভেন্যুটির প্রস্তুতি চলছে তবে এখনও কিছু কাজ বাকি আছে। তিনি মাঠের একটি ভিডিও-ও যুক্ত করেছেন, যেখানে মাঠটিকে বেশ সবুজ দেখাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে গুপ্তা লিখেছেন, এটি প্রায় প্রস্তুত। এই ভেন্যুতে এশিয়ান গেমসে এর আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এশিয়া থেকে আগত পুরুষদের ১০টি ও নারীদের ৮টি দল, ম্যাচ অফিসিয়াল এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকদের স্বাগত জানানোর আগে এখনও কিছু কাজ বাকি আছে। তবে এসিসি ও আইসিসিন দল এ নিয়ে কাজ করে যাচ্ছে।

ভেন্যু সম্পর্কে এশিয়ান গেমসের ওয়েবসাইটে বলা হয়েছে, নিশিন সিটিতে অবস্থিত একটি স্পোর্টস পার্ক বা ক্রীড়া উদ্যান হলো এই স্থাপনাটি, যেখানে এশিয়ান গেমসের জন্য একটি ক্রিকেট মাঠ তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রয়োজনীয় মানদণ্ড পূরণকারী প্রাকৃতিক ঘাসের পিচযুক্ত জাপানের দ্বিতীয় স্থাপনা এটি। উল্লেখ্য, গত মে মাসে জাপান একটি আইসিসি পাথওয়ে টুর্নামেন্ট আয়োজন করেছিল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একজন সদস্য ক্রিকেটভিক্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে জানিয়েছেন, সুযোগ-সুবিধাগুলো খতিয়ে দেখার জন্য একটি দল পাঠানো হবে, তবে অনেকের ধারণা সিদ্ধান্তটি নিতে হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। অন্যদিকে, বিসিসিআই ও ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন-এর একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আয়োজনের প্রস্তুতি পর্যালোচনার জন্য বিসিসিআই-এর অপারেশনস দলের একজন সদস্যের জাপান যাওয়ার কথা ছিল। ওই সদস্য আদৌ রওনা হয়েছিলেন কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চলতি সপ্তাহের শুরু পর্যন্ত তিনি সেখানে যাননি।

ক্রিকবাজ জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সিইও অ্যালেক্স মিয়াজির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, এশিয়ান গেমসে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্ট। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা টুর্নামেন্টের নকআউট পর্ব থেকে যাত্রা শুরু করবে। এই চার দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ওমান।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..