পাকিস্তানকে ধসিয়ে ২০ বছরের স্মৃতি ফেরাল ইংল্যান্ড

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-২০, | ০১:১০:১৭ |

অলি রবিনসনের লেংথ ডেলিভারি হাওয়ায় ভাসিয়ে দিলেন খুররাম শেহজাদ। অনেকটা পেছনে দৌড়ে সহজেই ক্যাচ নিলেন গাস অ্যাটকিনসন। ৫ উইকেটের আনন্দে ভাসলেন রবিনসন। পরের ওভারের প্রথম বলে মোহাম্মদ আব্বাসের স্টাম্প এলোমেলো করে দিলেন জশ টাং। রবিনসনের মতো তিনিও মাতলেন ৫ উইকেটের খুশিতে।

লিডসে বুধবার পাকিস্তানের প্রথম ইনিংসের ব্যাটিং ধসিয়ে দেন রবিনসন ও টাং। দুজন মিলে সমান ৫টি করে উইকেট নিলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। আর দুই পেসারের সৌজন্যে ফিরে আসে ইংল্যান্ডের ২০ বছর পুরোনো স্মৃতি। 

পাকিস্তানের ব্যাটারদের কাঁপিয়ে ৫১ রানে ৫ উইকেট নিয়েছেন রবিনসন। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম ৫ উইকেট। সতীর্থ পেসারকে ছাপিয়ে গিয়ে ৪৬ রানে ৫ উইকেট নিয়েছেন টাং। তার টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ৫ উইকেট এটি।

টেস্টের একই ইনিংসে ইংল্যান্ডের দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ১৬তম ঘটনা এটি। তবে গত ২০ বছরের মধ্যে এটিই প্রথম। এর আগে সবশেষ ২০০৬ সালে ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে মন্টি পানেসার ও স্টিভ হার্মিসন নিয়েছিলেন ৫টি করে উইকেট।

আর শুধু পেসারদের হিসেব করলে ফিরে যেতে হবে ২৮ বছর আগে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯৯৮ সালের ত্রিনিদাদ টেস্টের প্রথম ইনিংসে ৫টি করে উইকেট নেন অ্যাঙ্গাস ফ্রেজার ও অ্যান্ডি ক্যাডিক।

এছাড়া পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার চতুর্থ ঘটনা এটি। এর তিনটি আবার ইংল্যান্ডেরই করা। 

সব মিলিয়ে এক ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেওয়ার ৫৮তম ঘটনার জন্ম দিলেন রবিনসন ও টাং। আর গত পাঁচ বছরের মধ্যে এটিই প্রথম। এর আগে সবশেষ ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫টি করে উইকেট নেন শ্রীলঙ্কার দুই স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া।

বুধবার টস হেরে ব্যাট করতে নেমে ৬ রানের মধ্যে আজান আওয়াইস (০) ও শান মাসুদের (৫) উইকেট হারায় পাকিস্তান। পরে ৯১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ইমাম উল হক ও আবদুল্লাহ শফিক। 

৪২ রান করা ইমামকে ফিরিয়ে জুটি ভাঙেন টাং। শফিকের ব্যাট থেকে আসে ৬১ রানের ইনিংস। দুজন ফেরার পর রীতিমতো ধস নামে পাকিস্তানের ইনিংসে। শেষ দিকে মাত্র ২১ রানে ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় তারা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..