✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১৮:১৬:৫৫ |কোকেন পরীক্ষায় পজিটিভ হওয়ায় সাময়িকভাবে টেনিস থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার টেনিস তারকা নিক কিরিয়স। গত ৪ আগস্ট থেকে তার ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (আইটিআইএ)।
গত ২২ জুন স্পেনের মায়োর্কা ওপেনে কিরিয়সের একটি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় ওই নমুনায় কোকেনের বিপাকজাত পদার্থ বেনজয়লেকগোনিন শনাক্ত হয়। কোকেন বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় থাকা একটি উদ্দীপক ও অপব্যবহারের পদার্থ।
আইটিআইএ জানায়, কিরিয়স চাইলে সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করতে পারেন। তবে এখন পর্যন্ত আপিল করেননি তিনি। নিষেধাজ্ঞা চলাকালে তিনি কোনো গ্র্যান্ড স্ল্যাম বা পুরুষ ও নারী টেনিস ট্যুর অনুমোদিত ইভেন্টে খেলতে, কোচিং করতে কিংবা উপস্থিত থাকতে পারবেন না। বিষয়টি এখন একটি ট্রাইব্যুনালের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
নিজের ইনস্টাগ্রাম ঘটনাটিকে বড় ভুল হিসেবে স্বীকার করে এর পুরো দায় নিজের ওপর নিয়েছেন পোস্টে কিরিয়স। ভক্ত, পরিবার, স্পনসরদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে হাঁটু ও কবজির চোটে ভুগেছেন ৩১ বছর বয়সী এই টেনিস তারকা। চলতি মৌসুমে মাত্র চারটি একক ম্যাচ খেলেছেন তিনি। মায়োর্কা ওপেনে প্রথম রাউন্ডে অ্যাডাম ওয়ালটনের কাছে হারের পর উইম্বলডনের পুরুষ দ্বৈতে আলেকজান্ডার বুবলিকের সঙ্গে জুটি বেঁধে প্রথম রাউন্ডেই বিদায় নেন।
টেনিসে দীর্ঘদিন ধরেই বিতর্কিত চরিত্র কিরিয়স। কোর্টে র্যাকেট ভাঙা, অশালীন মন্তব্য এবং আম্পায়ারের সঙ্গে তর্কসহ বিভিন্ন ঘটনায় তাকে একাধিকবার জরিমানা করা হয়েছে। ২০২৩ সালে সাবেক প্রেমিকাকে হামলার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া, নারীবিদ্বেষী হিসেবে সমালোচিত বিভিন্ন মন্তব্যের কারণেও বিতর্কে জড়িয়েছেন।
ডোপিং ইস্যুতেও আগে সরব ছিলেন কিরিয়স। জ্যানিক সিনার ও ইগা শিয়নটেকের বহুল আলোচিত ডোপিং মামলার ব্যবস্থাপনা নিয়ে তিনি তীব্র সমালোচনা করেছিলেন তিনি।
ক্যারিয়ারে সাতটি এটিপি ট্যুর একক শিরোপা জিতেছেন কিরিয়স। ২০২২ সালে উইম্বলডনের ফাইনালে উঠে নোভাক জোকোভিচের কাছে চার সেটে হেরে রানার্সআপ হন। একই বছর সতীর্থ থানাসি কোকিনাকিসের সঙ্গে জুটি বেঁধে অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ দ্বৈতের শিরোপাও জেতেন।
এখন কিরিয়সের টেনিস ক্যারিয়ার আরও এক অনিশ্চিত অধ্যায়ের মুখে। ট্রাইব্যুনালের চূড়ান্ত সিদ্ধান্তই নির্ধারণ করবে, কতদিন তাকে প্রতিযোগিতামূলক টেনিস থেকে দূরে থাকতে হবে।