✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৯, | ১১:০৯:৪৩ |আইপিএলের ব্যবসা সফলতার পর বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের কদর বেড়েছে। এসএ২০, আইএলটি২০, মেজর লিগ ক্রিকেটের মতো নতুন টুর্নামেন্ট যুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আনছে ফুটবলের দেশ হিসেবে পরিচিত ইতালি।
দেশটিতে প্রথমবারের মতো শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টি-১০ লিগ চালু হতে যাচ্ছে। ইতালীয় ক্রিকেট ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ‘ইতালি টি-১০ ক্রিকেট’-কে অনুমোদন দিয়েছে। রোমে নয় দিনব্যাপী এই টুর্নামেন্টের উদ্বোধনী আসরটি চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে শহরভিত্তিক ছয়টি ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে এবং প্রতিটি দল ১০ ওভারের ম্যাচ খেলবে।
যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাপেক্স টি-১০ লিমিটেড’ টুর্নামেন্টটি আয়োজন করছে। এর সহ-প্রতিষ্ঠাতা নাদিম শহীদ ও আমির আখতার; তারা উভয়েই উচ্চপর্যায়ে পেশাদার ক্রিকেট খেলেছেন। সম্প্রচারের ব্যবস্থাও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। উদ্বোধনী আসর থেকেই ৩০টিরও বেশি দেশে এই লিগ সরাসরি সম্প্রচার করা হবে।
দেশটির ক্রিকেট ফেডারেশন এই প্রতিযোগিতার জন্য আইসিসির অনুমোদনের আবেদন প্রক্রিয়ার সমন্বয় করছে, যাতে এটিকে আন্তর্জাতিক ক্রিকেটের আনুষ্ঠানিক কাঠামোর অন্তর্ভুক্ত করা যায়। ‘ক্রিকেট ওয়ার্ল্ড’-এর প্রতিবেদনে ইতালীয় ক্রিকেট ফেডারেশনের এক্সট্রাঅর্ডিনারি কমিশনার জিয়ানফ্রাঙ্কো রাভার বরাত দিয়ে বলেছেন, ইতালীয় ক্রিকেটের জন্য আমাদের জাতীয় দল এবং সারাদেশে এই খেলার ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। এই ধরনের টুর্নামেন্ট এটি অত্যন্ত ইতিবাচক মুহূর্ত। আমরা এমন একটি উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিতে পেরে আনন্দিত, যা ইতালিতে সুশৃঙ্খল, পেশাদার ও টেকসই উপায়ে ক্রিকেটের প্রসারে আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সমগ্র ইতালীয় ক্রিকেট সম্প্রদায়ের কল্যাণে ‘ইতালি টি-১০ ক্রিকেট’-এর সঙ্গে দীর্ঘমেয়াদী ও সফল অংশীদারিত্বের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।
ইতালীয় ক্রিকেট ফেডারেশনের এই অনুমোদনের পর একটি সুশৃঙ্খল ও পেশাদারভাবে পরিচালিত প্রতিযোগিতার মাধ্যমে ইতালিতে ক্রিকেটের প্রসার ঘটানোর সুপরিকল্পিত প্রচেষ্টাকে নির্দেশ করে। আইসিসি-র অনুমোদনের আবেদনের বিষয়টি সমন্বয় করার মাধ্যমে ফেডারেশন নিশ্চিত করছে, লিগটি সেই একই নিয়মনীতির কাঠামোর মধ্যে পরিচালিত হবে যা স্বীকৃত আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোর ক্ষেত্রে প্রযোজ্য।
বিশ্বজুড়ে ক্রিকেটের প্রসারের ক্ষেত্রে এক বিশেষ গতিশীলতার মুহূর্তে এই লিগটি চালু হতে যাচ্ছে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হতে চলেছে। এটি ইতালিসহ সহযোগী ও উদীয়মান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে খেলাটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
নাদিম শহীদ এই উদ্যোগে দুই দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা নিয়ে এসেছেন। খেলোয়াড়ি জীবনে তিনি এসেক্স ও সারের হয়ে খেলেছেন। ‘ইংল্যান্ড ‘এ’ দলে জায়গা করে নিয়েছেন এবং একাধিক কাউন্টি চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছেন। পরবর্তীতে তিনি সারের কোচিং স্টাফের সদস্য হিসেবেও চার মৌসুম দায়িত্ব পালন করেছেন।
এই প্রকল্পের ক্ষেত্রে আমির আখতারের অভিজ্ঞতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক পর্যায়ে তিনি নেপালের প্রতিনিধিত্ব করেছেন এবং একেবারে শুরু থেকে ‘এভারেস্ট প্রিমিয়ার লিগ’ গড়ে তুলেছেন। এর ফলে ক্রিকেটের বিকাশমান কোনো বাজারে একটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-১০ টুর্নামেন্ট গড়ে তোলার জন্য কী ধরনের কার্যক্রম প্রয়োজন, সে সম্পর্কে তার প্রত্যক্ষ ও বাস্তব অভিজ্ঞতা রয়েছে।
খেলোয়াড়, কোচ এবং টুর্নামেন্ট ব্যবস্থাপক হিসেবে এই দুই প্রতিষ্ঠাতার পারস্পরিক পরিপূরক দক্ষতা ‘অ্যাপেক্স টি-১০ লিমিটেড’ এর মূল ভিত্তি হিসেবে কাজ করছে। এই নতুন লিগের মাধ্যমে তারা ইতালীয় ক্রিকেটে একটি পেশাদার কাঠামো গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
এদিকে তানজানিয়ায় অনুষ্ঠিত ‘চ্যালেঞ্জ লিগ বি’ গ্রুপে শীর্ষ দুটি দলের একটি হিসেবে ইতালি ও উগান্ডা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।