✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৮, | ২০:৫০:৪৪ |টেস্ট ক্রিকেটে ছক্কার সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্ত। সবচেয়ে কম বলে ১০০ টেস্ট ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটার।
শ্রীলঙ্কার বিপক্ষে গলে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে লাহিরু কুমারার বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ১০০তম টেস্ট ছক্কা পূর্ণ করেন পান্ত। একই শটে ৫৩ বলে ক্যারিয়ারের ২০তম টেস্ট ফিফটিও পূর্ণ করেন তিনি।
১০০ ছক্কায় পৌঁছাতে পান্ত খেলেছেন মাত্র ৪ হাজার ৯১৮ বল। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ১০০ ছক্কা পূর্ণ করতে গিলক্রিস্ট খেলেছিলেন ৬ হাজার ৫৭৮ বল। নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ৯ হাজার ৭৫৬ এবং ইংল্যান্ডের বেন স্টোকস খেলেছিলেন ৯ হাজার ৪২ বল।
টেস্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৮টি ছক্কা মেরেছেন স্টোকস। তবে ছক্কা মারার গতিতে পান্তই সবার ওপরে। গড়ে প্রতি ৪৯.২ বলে একটি করে ছক্কা মেরেছেন তিনি। এই তালিকায় দ্বিতীয় গিলক্রিস্ট, প্রতি ৬৭.৯২ বলে একটি ছক্কা তাঁর। ম্যাককালাম ও স্টোকসের ক্ষেত্রে হার যথাক্রমে ৯৩.৩৯ ও ৯০.০৫ বল।
ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিকও এখন পান্ত। ১০০ ছক্কা নিয়ে তিনি পেছনে ফেলেছেন বীরেন্দর শেবাগ (৯০), রোহিত শর্মা (৮৮) ও রবীন্দ্র জাদেজাকে (৮২)।
তবে রেকর্ড গড়ার পর ইনিংসটি আর বেশি দূর এগিয়ে নিতে পারেননি পান্ত। ৬৯ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। যদিও তাঁর বিদায়ের পরও শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে ভারত। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনেই তাদের লিড সাড়ে তিনশো রান ছাড়িয়ে গেছে।