✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৯:৩৬:৫৯ |নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে ৯ উইকেটের ঐতিহাসিক হারের পর অস্ট্রেলিয়া দলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ডারউইন টেস্টে বিশ্বের এক নম্বর দলকে রীতিমতো কোণঠাসা করে জয় তুলে নেয় বাংলাদেশ। এমন হারের পর দ্বিতীয় টেস্টের একাদশ ও স্কোয়াড নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে।
ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড স্বীকার করেছেন, বাংলাদেশের বিপক্ষে দল প্রত্যাশিত মানের ক্রিকেট খেলতে পারেনি। দুই ইনিংস মিলিয়ে ৫০০ রানও করতে না পারাকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। ঘরের মাঠে এমন হার মেনে নেওয়াও কঠিন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া কোচ।
আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর আগে অস্ট্রেলিয়ার টপ অর্ডার নিয়ে উঠেছে প্রশ্ন। ওপেনার জ্যাক ওয়েদারল্যান্ড ও তিন নম্বরে নামা মার্নাস লাবুশেনের পারফরম্যান্স বিশেষভাবে সমালোচিত হচ্ছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিংসহ অস্ট্রেলিয়ার ক্রিকেটের অনেকেই টপ অর্ডারে পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।
এদিকে প্রয়োজনে ১৩ সদস্যের বর্তমান স্কোয়াড বাড়ানোর কথাও ভাবছে অস্ট্রেলিয়া। প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে আলোচনা করে আগামী কয়েক দিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন ম্যাকডোনাল্ড।
দলের বয়স কাঠামো ও ভবিষ্যৎ নিয়েও নতুন করে ভাবছে অস্ট্রেলিয়া। তবে ক্রিকেটারদের ওপর এখনই আস্থা হারাতে চান না কোচ। ম্যাকডোনাল্ডের বিশ্বাস, বর্তমান খেলোয়াড়দের কাছ থেকে এখনও ভালো ক্রিকেট পাওয়ার সুযোগ রয়েছে।
ওয়েদারল্যান্ডের বিকল্প হিসেবে ম্যাট রেনশর নাম আলোচনায় থাকলেও তরুণ স্যাম কনস্টাস, ক্যাম্পবেল কেলাওয়ে, অলি পীক ও কুপার কনোলিকেও বিবেচনায় রাখা হচ্ছে।