মার্তিনেজকে দলে ভেড়াতে নতুন প্রস্তাব জুভেন্টাসের

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৯:১৭:০২ |

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে ভেড়াতে নতুন প্রস্তাব দিয়েছে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস-এর খবর অনুযায়ী, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষককে পেতে ৭০ লাখ ইউরো নিশ্চিত ফি এবং আরও ৩০ লাখ ইউরো বোনাসসহ প্রস্তাব দিয়েছে জুভেন্টাস।

তবে অ্যাস্টন ভিলা মার্তিনেজের জন্য ১ কোটি ইউরো দাবি করে আসছে। জুভেন্টাসের নতুন প্রস্তাবে সেই অঙ্ক পূরণ হলেও পুরো অর্থ একবারে পরিশোধ করতে হচ্ছে না।

দুই ক্লাবের মধ্যে আলোচনা কিছুটা এগোলেও চুক্তি সম্পন্ন হওয়ার পথে এখনও বেশ কিছু বাধা রয়েছে। এর মধ্যে মার্তিনেজের শারীরিক অবস্থাও গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বকাপের সময় পাওয়া ডান হাতের রিং ফিঙ্গারের চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।

মার্তিনেজের বয়সও জুভেন্টাসের ভাবনায় রয়েছে। অভিজ্ঞ এই গোলরক্ষকের জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগে কিছুটা সতর্ক ইতালিয়ান ক্লাবটি। সাম্প্রতিক মৌসুমগুলোর আর্থিক ও প্রশাসনিক চ্যালেঞ্জের কারণে দলবদলে ব্যয়ের ক্ষেত্রেও সতর্ক অবস্থানে রয়েছে তারা।

এদিকে মার্তিনেজের সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে বিকল্প গোলরক্ষকের সন্ধান শুরু করেছে অ্যাস্টন ভিলা। কোচ উনাই এমেরির পছন্দের তালিকায় রয়েছেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। পিএসজির সঙ্গে সুজুকির সম্ভাব্য দলবদল আটকে যাওয়ায় ভিলার আগ্রহ আরও বেড়েছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..