✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৯:১৬:০৩ |বিশ্বের দ্বিতীয় সর্বাধিক দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস। আগামী তিন অক্টোবর শুরু হবে এবারের টুর্নামেন্ট। চলবে ১৮ই অক্টোবর পর্যন্ত। যুক্তরাজ্যে আয়োজিত এবারের আসরে ফিরছেন একঝাঁক কিংবদন্তি ক্রিকেটার।
আয়োজকরা জানান, দুটি রেকর্ডভাঙা মৌসুমের পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে-এ থাকছে আরও বেশি তারকা-সমাবেশ, তীব্র প্রতিদ্বন্দ্বিতা, জাতীয় গর্বের অনুভূতি এবং ক্রিকেটের অবিস্মরণীয় সব মুহূর্ত। টুর্নামেন্টের তৃতীয় মৌসুমে নতুন দল হিসেবে যুক্ত হয়েছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নস’।
প্রথম মৌসুমে পাকিস্তান চ্যাম্পিয়নসকে হারিয়ে শিরোপা জিতেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়নস; অন্যদিকে দ্বিতীয় মৌসুমেও পাকিস্তান চ্যাম্পিয়নসকে পরাজিত করেই জয়ী হয়েছিল সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নস। তৃতীয় মৌসুমে দলে আরও বড় বড় তারকারা যুক্ত হতে চলেছেন।
এর মধ্যে যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ডিজে ব্রাভো, শহীদ আফ্রিদি এবং মঈন আলীর মতো তারকাদের পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মোহাম্মদ মাহমুদুল্লাহর মতো আরও বড় নাম যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত। তৃতীয় মৌসুমটি হতে চলেছে অত্যন্ত বিশেষ।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর প্রতিষ্ঠাতা ও সিইও হর্ষিত তোমর বলেন, এই মৌসুমে আমরা যুক্তরাজ্যের বাইরে আয়োজন নিয়ে যাচ্ছি এবং ভক্তদের জন্য থাকছে নানা চমক। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় নাম ও তারকাদের নিয়ে এবারের মৌসুম অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের সহ-প্রতিষ্ঠাতা এবং বলিউড সুপারস্টার অজয় দেবগন বলেন, এটি কেবল একটি ক্রিকেট লিগই নয়, এটি আবেগ, নস্টালজিয়া এবং বিনোদনের এক অনন্য মিলনস্থল। তৃতীয় মৌসুমের অপেক্ষায় আছি; এটি হতে চলেছে আমাদের এ যাবৎকালের সবচেয়ে বড় ও সাহসী আয়োজন।
দ্বিতীয় মৌসুমে বিশ্বজুড়ে ৪২৫ মিলিয়ন দর্শকের কাছে পৌঁছানোর পর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস আরও জোরালো উদ্দীপনা ও বিশাল লক্ষ্য নিয়ে তৃতীয় মৌসুমে পা রাখছে। এর উদ্দেশ্য হলো ক্রিকেটের স্বর্ণযুগ এবং এর অবিস্মরণীয় সব কিংবদন্তিকে কেন্দ্র করে এক মহোৎসবের আয়োজন করা।