‘ইউরোপজুড়ে ক্রিকেটের উন্নয়নে আমাদের ভূমিকা রয়েছে’

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১৭, | ১৮:৫৯:৪৯ |

আগামী ২৬ আগস্ট নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল)। যা চলেবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। আইসিসির অনুমোদনের পর ক্রিকেট আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও রয়্যাল ডাচ ক্রিকেট অ্যাসোসিয়েশনের যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করছে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে ছয়টি ফ্র্যাঞ্চাইজি। ২১ জানুয়ারি ২০২৬-এ ঘোষিত অন্যতম প্রতিষ্ঠাতা ফ্র্যাঞ্চাইজি ‘বেলফাস্ট উলভস’-এর অধিনায়ক ও সহ-মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন গ্লেন ম্যাক্সওয়েল।

ইউরোপ মহাদেশে ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে বেলফাস্ট উলভসের ভূমিকা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেছেন ম্যাক্সওয়েল। এই অস্ট্রেলীয় ব্যাটার ইউরোপজুড়ে খেলাটির প্রসারে ফ্র্যাঞ্চাইজিটির প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, কেবল ঘরোয়া প্রতিযোগিতার গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে একটি বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই তারা ইটিপিএলে অংশ নিচ্ছেন।

ইটিপিএল-কে ম্যাক্সওয়েল বলেন, বেলফাস্ট উলভসের জন্য ড্রাফট প্রক্রিয়াটি যেভাবে সম্পন্ন হয়েছে, তাতে আমি অত্যন্ত আনন্দিত। একেবারে শূন্য থেকে একটি দল গঠন করা এবং খেলোয়াড় নির্বাচনের পুরো প্রক্রিয়ার সঙ্গে এতটা নিবিড়ভাবে যুক্ত থাকাটা আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। একেবারে গোড়া থেকে একটি দল তৈরি করা সহজ কাজ নয়, তবে আমাদের পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট। আমরা এমন একটি দল গড়তে চেয়েছিলাম যা শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে। খেলোয়াড় বাছাই, দলের ভারসাম্য বজায় রাখা এবং প্রতিটি বিভাগে পর্যাপ্ত বিকল্প বা ‘কভার’ নিশ্চিত করার প্রক্রিয়াটি ছিল শেখার মতো দারুণ এক অভিজ্ঞতা।

দল গঠনের প্রক্রিয়ায় বেলফাস্ট উলভস ম্যাথিউ হামফ্রিস, ফ্রেড ক্লাসেন, টিম টেক্টর, জাইনুল্লাহ ইহসান এবং আলেকজান্ডার রয়কে দলে ভিড়িয়েছে। একেবারে গোড়া থেকে দল গঠনের প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করে ম্যাক্সওয়েল একটি ফ্র্যাঞ্চাইজি তৈরির অভিজ্ঞতাকে শেখার এক গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে অভিহিত করেন।

ডানহাতি এই ব্যাটার বলেন, ড্রাফট যেভাবে সম্পন্ন হয়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি। আমাদের দলের তালিকা পূর্ণ করার জন্য প্রয়োজনীয় খেলোয়াড় ও দক্ষতা আমরা দলে ভেড়াতে পেরেছি। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই আমাদের দলে ভালো গভীরতা রয়েছে, যা দীর্ঘমেয়াদী টুর্নামেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে, আমাদের মনে হচ্ছে আমরা উলভসের জন্য একটি শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গঠন করতে পেরেছি।

ইটিপিএল-এর উদ্বোধনী ম্যাচটি ২৬ আগস্ট হেগের ভুরবার্গ ক্রিকেট ক্লাবে অনুষ্ঠিত হবে, ওই ম্যাচে মুখোমুখি হবে রটারডাম ডকার্স এবং আমস্টারডাম ফ্লেমস। পরদিন বেলফাস্ট উলভস লড়বে ডাবলিন গার্ডিয়ানসের বিপক্ষে। ডাবলিন ফ্র্যাঞ্চাইজিতে সহ-মালিক রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি দলটির অধিনায়ক ও পরামর্শদাতার দায়িত্বও পালন করছেন।

অশ্বিন বলেন, গত পাঁচ বছরে রাহুল দ্রাবিড় ভাইয়ের সঙ্গে আমার দারুণ এক সম্পর্ক গড়ে উঠেছে। তিনি ভারতের কোচ ছিলেন এবং তার অধীনে খেলার সময় আমি নেতৃত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছি। প্রায় ১৩ বছর আগে চেন্নাইয়ের একটি ক্লাব চ্যাম্পিয়নশিপ ফাইনালে আমি তার অধিনায়কত্ব করেছিলাম। এবার আমরা ডাবলিন গার্ডিয়ানসের হয়ে আবারও একসঙ্গে কাজ করব। আমার মনে হয় সময়ের সঙ্গে তিনিও আমার খেলার ধরন আরও ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আমাদের মধ্যে খুব বিশেষ এক বোঝাপড়া রয়েছে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি সুসংহত দল গড়ে তুলছি যারা প্রতিনিয়ত উন্নতি ও অগ্রগতির ওপর বিশ্বাস রাখে। আমাদের আরেকটি সংযোগ হলো আইরিশ ক্রিকেট এবং ইউরোপীয় সার্কিট, যা আমাদের দারুণভাবে উৎসাহিত করে। আমরা সেখানে বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। আমরা জানি আয়ারল্যান্ডে ক্রিকেটের একটি শক্তিশালী সংস্কৃতি রয়েছে; আমরা সেই সংস্কৃতিকে আপন করে নিতে এবং যেখানে সম্ভব অবদান রাখতে চাই।

ড্রাফটের শুরুতেই আইরিশ খেলোয়াড়রা নির্বাচিত হয়ে যাওয়ায় কিছুটা দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হয়েছিল, তা না হলে আমরা আরও দু-একজন খেলোয়াড়কে দলে নেওয়ার চেষ্টা করতাম। তবে আইরিশ ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনা ও অবদান রাখার বিষয়ে আমরা অত্যন্ত আন্তরিক।


শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..