✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১৫, | ১৩:৪২:৪৮ |পর্তুগালে আয়োজিত ভোলেটা আ পর্তুগাল সাইক্লিং প্রতিযোগিতার অষ্টম ধাপে মারাত্মক সড়ক দুর্ঘটনায় মাত্র ১৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ব্রিটিশ সাইক্লিস্ট ফিনলে টার্লিং। রেস চলাকালে একটি হালকা পণ্যবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। ওয়েলশ তারকা ফিনলে ছিলেন ইনিয়স দলের প্রখ্যাত সাইক্লিস্ট জশ টার্লিংয়ের ছোট ভাই।
মেলগাসো থেকে ফাফে পর্যন্ত ১৬৬.৮ কিলোমিটারের রুটে এনএসএনডেভেলপমেন্ট টিমের হয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ফিনলে টার্লিং।
স্থানীয় ন্যাশনাল রিপাবলিকান গার্ডের কর্মকর্তা মেজর তিয়াগো মাচাদো স্থানীয় গণমাধ্যমকে জানান, রেসের মাঝপথে সাইক্লিস্ট এবং গাড়িটির মধ্যে মারাত্মক সংঘর্ষ হয়। ঘটনার মূল কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
ফিনলে টার্লিংয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার দল এনএসএন। এক হৃদয়বিদারক বার্তায় তারা জানায়, আজ ভোলেটা আ পর্তুগালে ফিনলে টার্লিংয়ের প্রয়াণের খবর প্রকাশ করতে গিয়ে আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। ফিনের বাবা-মা, ভাই জশ এবং তার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।
এই ট্র্যাজেডির পর পর্তুগিজ সাইক্লিং ফেডারেশন এবং রেস আয়োজকরা সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা স্থগিত করে। পাশাপাশি পোডিয়াম পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করে শোক পালন করার সিদ্ধান্ত নেয়।
পর্তুগালের রাষ্ট্রপতি আন্তোনিও হোসে সেগুরো এক বার্তায় বলেন, টার্লিংয়ের এই মৃত্যু পুরো রেস, আয়োজক ও স্বাগতিক জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছে।
ব্রিটিশ সাইক্লিংয়ের পারফরম্যান্স ডিরেক্টর স্টিফেন পার্ক এবং সাইক্লিংয়ের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইউসিআই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিনলেকে স্মরণ করে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বড় ভাই জশ টার্লিংয়ের মতোই টাইম ট্রায়াল বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পাচ্ছিলেন ফিনলে। অল্প বয়সেই গ্রেট ব্রিটেনের হয়ে রোড ও ট্র্যাক সাইক্লিংয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি। গত জুনে ব্রিটিশ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব-২৩ বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন ফিনলে। মাত্র এক বছর আগেও তিনি ট্যুর অব ব্রিটেে অংশ নিয়েছিলেন।
গত ৫ আগস্ট লিসবন থেকে শুরু হওয়া ১০ পর্বের ভোলেটা আ পর্তুগাল প্রতিযোগিতাটি আগামী ১৬ আগস্ট পোর্তোতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই উদীয়মান এই ব্রিটিশ অ্যাথলেটের করুণ বিদায়ে স্তব্ধ হয়ে গেল পুরো সাইক্লিং বিশ্ব।