ওয়ানডে ক্রিকেট কি ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়ছে? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার জন্টি রোডসের সাম্প্রতিক মন্তব্যে সেই আলোচনা আবারও সামনে এসেছে। তার মতে, ভবিষ্যতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের সংখ্যা কমতে থাকবে, যদিও ৫০ ওভারের বিশ্বকাপের গুরুত্ব অটুট থাকবে।
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে রটারডাম ডকার্স ফ্র্যাঞ্চাইজির জার্সি উন্মোচন অনুষ্ঠানে মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রোডস বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাবের সময় অনেকেই আশঙ্কা করেছিলেন যে এটি টেস্ট ক্রিকেটের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে বাস্তবে সেই আশঙ্কা সত্যি হয়নি।
তবে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত এই সাবেক প্রোটিয়া তারকা। তার মতে, টি-টোয়েন্টির জনপ্রিয়তা ক্রিকেটে নতুন দর্শক তৈরি করেছে এবং খেলা দেখার ধরনেও বড় পরিবর্তন এনেছে। সেই পরিবর্তনের প্রভাবেই আগামী বছরগুলোতে ৫০ ওভারের ক্রিকেট কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
রোডস বলেন, বিশ্বকাপের মতো মঞ্চে খেলার রোমাঞ্চ এখনও অপরিসীম, তা টি-টোয়েন্টি হোক কিংবা ওয়ানডে। তবে দ্বিপাক্ষিক সিরিজে ৫০ ওভারের ম্যাচের সংখ্যা ধীরে ধীরে কমে আসবে বলেই তার বিশ্বাস। যদিও তিনি মনে করেন, ওয়ানডে ক্রিকেটকে পুরোপুরি বাদ দিয়ে ক্রিকেটের ভবিষ্যৎ কল্পনা করা কঠিন।
এদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। নিজেদের মাটিতে বিশ্বের সেরা দলগুলোকে স্বাগত জানানোর পাশাপাশি শিরোপা জয়ের স্বপ্নও দেখছে দেশটি।
বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে রোডস বলেন, ২০১০ ফুটবল বিশ্বকাপ, ১৯৯৫ রাগবি বিশ্বকাপ এবং ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় ক্রীড়া আসর সফলভাবে আয়োজনের অভিজ্ঞতা রয়েছে দক্ষিণ আফ্রিকার। তিনি ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দক্ষিণ আফ্রিকা দলের স্মৃতিও তুলে ধরেন।
তার বিশ্বাস, ক্রিকেটপ্রেমীরা দক্ষিণ আফ্রিকায় এসে শুধু খেলা নয়, দেশটির পরিবেশ ও আতিথেয়তাও উপভোগ করবেন। তাই আসন্ন বিশ্বকাপ ঘিরে দক্ষিণ আফ্রিকার মানুষও বেশ উচ্ছ্বসিত।
এ জাতীয় আরো খবর..