✕
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি। ছবি: সংগৃহীত।
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১২, | ১৪:৩১:৩৩ |ইরান শিগগিরই ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি।
ব্রিকস সম্মেলনে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছেন হেম্মাতি। তিনি বলেন, ব্রিকস সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা।
ব্রিকসের বর্তমান সভাপতিত্বে ভারতের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে হেম্মাতি বলেন, মুদ্রা, ব্যাংকিং ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে ইরান ও ভারতের মধ্যে ভালো সহযোগিতা গড়ে উঠেছে।
তিনি বলেন, ব্রিকস সম্মেলন ইরানের জন্য সদস্য দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এসব দেশের সঙ্গে ইরানের মুদ্রা ও ব্যাংকিং খাতে সবচেয়ে বেশি লেনদেন ও পারস্পরিক যোগাযোগ রয়েছে।
ব্রিকস সদস্যদের মধ্যে মুদ্রা ও আর্থিক সহযোগিতা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে হেম্মাতি বলেন, সদস্য দেশগুলো নিজেদের জাতীয় মুদ্রা ব্যবহার করে পরস্পরের সঙ্গে বাণিজ্য করতে পারে।
তিনি আরও বলেন, আমরা সদস্য দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় মুদ্রা সহযোগিতা প্রতিষ্ঠার চেষ্টা করছি। তথ্যসূত্র: তাসনিম নিউজ।