✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:৪২:৫৩ |জাপানে অনলাইনে কেনাকাটার নামে অভিনব প্রতারণার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মেউ ইয়োশিদা নামের ওই নারী প্রায় দুই বছর ধরে ২৩৮টি ভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে দুই হাজারের বেশি ভুয়া অর্ডার করেন। এতে দেশটির খ্যাতনামা প্রকাশনা সংস্থা শুয়েশার প্রায় ৭৫ লাখ ইয়েন বা ৬০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
ইয়োশিদা পেশায় রেস্তোরাঁকর্মী। তিনি শুয়েশার অনলাইন শপ ‘জাম্প ক্যারেক্টারস স্টোর’ থেকে জনপ্রিয় অ্যানিমে ও ম্যাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’-এর বিভিন্ন পণ্য অর্ডার করতেন। তবে অর্ডার করা কোনো পণ্যই তিনি গ্রহণ করতেন না।
কখনো দোকান থেকে মূল্য পরিশোধ করে পণ্য সংগ্রহ করবেন বলে অর্ডার করলেও নির্ধারিত সময়ে তা নিতে যেতেন না। আবার কখনো নগদ মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেও ডেলিভারি নেওয়া থেকে বিরত থাকতেন। অনেক ক্ষেত্রে তিনি ভুল বা কাল্পনিক ঠিকানাও ব্যবহার করতেন। ফলে নির্ধারিত সময়ের পর অর্ডারগুলো বাতিল হয়ে যেত।
পুলিশের তথ্য অনুযায়ী, এভাবে প্রায় ৪৩০ কোটি ইয়েন মূল্যের পণ্য অর্ডার করেছিলেন ইয়োশিদা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫৩ কোটি টাকা। এসব অর্ডার প্রক্রিয়াকরণ ও পণ্য পাঠাতে গিয়ে প্রকাশনা সংস্থাটির প্রায় ৭৫ লাখ ইয়েন ব্যয় হয়।
একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে প্রকাশনা সংস্থাটি পুলিশের কাছে অভিযোগ করে। তদন্তের পর ইয়োশিদাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন।
তবে কেন তিনি এ ধরনের প্রতারণা করতেন, সে বিষয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন ইয়োশিদা। তার দাবি, দৈনন্দিন জীবনের মানসিক চাপ কমাতেই তিনি এ কাজ করতেন। সীমিত সংস্করণের জনপ্রিয় পণ্য মজুত শেষ হওয়ার আগেই অর্ডার করতে পারলে তিনি একধরনের আত্মতৃপ্তি পেতেন এবং মানসিকভাবে স্বস্তি অনুভব করতেন। প্রকাশনা সংস্থাটির প্রতি তার কোনো ব্যক্তিগত ক্ষোভ ছিল না বলেও দাবি করেছেন তিনি।