✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:০৮:৫৩ |রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আবুল হোসেন (৭০), কামরুল হাসান সজীব (২৪) ও মো. আলামিন তালুকদার (২৭)।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেন ও কামরুল হাসান সজীবকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ১১ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই দিন বিকেল ৩টা ৫ মিনিটে ডিবি-মতিঝিল বিভাগের আরেকটি দল মুগদা থানার টিটিপাড়া এলাকায় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে অভিযান চালায়। এ সময় মো. আলামিন তালুকদারকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১৩ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুগদা থানায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।