✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১৪:০৭:৫৬ |রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ছিনতাই করে পালানোর সময় মো. রাজু (২৬) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করেছেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট। এ সময় তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করে ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল শাপলা চত্বর থেকে মেট্রোরেলমুখী সড়কে কয়েকজন পথচারী এক ব্যক্তিকে ধাওয়া করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. সাহাদত মীর দ্রুত ঘটনাস্থলে যান।
পরে উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ওই ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাই করা কানের দুল উদ্ধার করা হয়। পরে দুলটি ভুক্তভোগী নারীর কাছে ফেরত দেওয়া হয়েছে।
গ্রেপ্তার রাজুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।