জাজিরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে নিহত ১

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৮-১১, | ১১:৪৩:৪৩ |

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিপন মোল্লার একটি হাত বিস্ফোরণে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার সন্ধ্যায় জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকার গজনাইপুরে এ সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ হলে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গুরুতর আহত মান্নান সরদারকে স্থানীয়রা উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁর পক্ষের সমর্থক রিপন মোল্লা ককটেল বিস্ফোরণে গুরুতর আহত হন। তার হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। অপরজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়।

ঘটনার পর গজনাইপুর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মূলনা ইউনিয়নের গজনাইপুরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..