✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৯:২৭:৪৭ |চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফলাফলে ইংরেজিতে অকৃতকার্য হওয়ায় বিষপান করে হালিমা খাতুন তরিকা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তরিকা হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে। সে চাকপাড়া আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতো। সোমবার দুপুরে ফলাফল প্রকাশের পর আত্মহত্যা করে ওই শিক্ষার্থী।
জানা গেছে, সোমবার এসএসসির ফলাফল প্রকাশ হলে তরিকা সবগুলো বিষয়ে পাস করলেও অকৃতকার্য হন ইংরেজিতে। এতে তিনি হতাশ হয়ে পড়েন এবং এই আক্ষেপ থেকেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন খবর পেলে গুরুতর অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, ২টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয় ওই মেয়েটিকে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান ডা. শাহরিনা খাতুন।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, এসএসসির ফলাফলে একটি বিষয়ে অকৃতকার্য হওয়ায় বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে।