✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৮:৩৯:১৩ |কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
গ্রেফতাররা হলেন- মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার এসআই মো: আবদুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে উত্তরপাড়ায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে হাতেনাতে গ্রেফতার করেন। এসময় তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছিল বলেও অভিযোগ রয়েছে। তাদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দেয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।