✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৮-১০, | ১৭:৩২:৫৪ |চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, কোস্ট গার্ড উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের বহিঃনোঙ্গর সমুদ্র এলাকায় সোমবার মধ্যরাত ৩টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক বোটকে থামার সংকেত প্রদান করা হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে প্রায় ১২ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একটি সংঘবদ্ধ মাদক চক্র মায়ানমারের বিভিন্ন এলাকা হতে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিলো। কোস্ট গার্ডের দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে মাদকের এই বৃহৎ চালানটি আটক করা সম্ভব হয়েছে। সংঘবদ্ধ মাদক চক্রের অন্যান্য সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় অব্যাহত রয়েছে। জব্দকৃত ইয়াবা, বোট ও আটককৃত মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।