রাজধানীর উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শনিবার থেকে শুরু হয়েছে শিল্পী রণজিৎ দাসের একক শিল্প প্রদর্শনী ‘কাঠি ড্রয়িংস অ্যান্ড আদার্স’। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে জলরং, মিশ্র মাধ্যম, কালি ও চারকোলে আঁকা মোট ৬৫টি শিল্পকর্ম। পাশাপাশি শিল্পীর স্বাক্ষরসহ ২৯টি নির্বাচিত কাজ নিয়ে প্রকাশ করা হয়েছে একটি সীমিত সংস্করণের পোর্টফোলিও।
এই আয়োজনের মধ্য দিয়ে দর্শকরা পরিচিত হচ্ছেন রণজিৎ দাসের স্বতন্ত্র অঙ্কন ভাষার সঙ্গে। যেখানে সরল রেখা, ফাঁকা স্থান এবং সংযত অভিব্যক্তির মাধ্যমে তৈরি হয় গভীর অনুভবের জগৎ। গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, এই ধারায় কখনও একটি মাত্র রেখাই বিশাল শূন্যতাকে অর্থপূর্ণ করে তোলে। তাঁর মতে, সমকালীন বাংলাদেশের শিল্পাঙ্গনে রণজিৎ দাস একটি দৃঢ় উপস্থিতি। ১৫ মে পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন, এমন আয়োজন কেবল শিল্প প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি হলো শিল্পী ও দর্শকের মধ্যে ভাবের আদান-প্রদানের এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র।
নিজের শিল্পচর্চা প্রসঙ্গে রণজিৎ দাস বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ, বিশেষ করে পাহাড় ও প্রকৃতির সংস্পর্শ তাঁর কাজকে নতুন মাত্রা দিয়েছে। সেই অভিজ্ঞতার প্রতিফলনই দেখা যাচ্ছে তাঁর সাম্প্রতিক কাজগুলোতে।
শিল্পের এই আবহেই উঠে আসে কূটনৈতিক বার্তা। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢে তাঁর বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া জরুরি। সীমান্ত সহযোগিতা, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে দুই দেশের যৌথ উদ্যোগ ইতোমধ্যে ফলপ্রসূ হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত সংলাপ এবং সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
এ জাতীয় আরো খবর..