হাজার গোলের অমর দোরগোড়ায় দাঁড়িয়ে যেন নিজের গল্প নিজেই লিখে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স শুধু ক্যালেন্ডারের পাতায়। মাঠে তিনি এখনও ততটাই তীক্ষ্ণ, ততটাই ক্ষুধার্ত। প্রতিটি গোল যেন আরেকটি ধাপ, ইতিহাসের দিকে আরও এক পা এগোনোর ঘোষণা।
জোয়াও ফেলিক্সের কর্নার থেকে ছয় গজ বক্সে ভেসে উঠে দারুণ এক হেডে বল জালে জড়ান রোনালদো। দূরের পোস্ট ছুঁয়ে বল যখন জালে আশ্রয় নেয়, তখন দুই হাত মেলে দৌড় দেন তিনি। পেছনে ছুটে আসেন সতীর্থরা। কর্নার ফ্ল্যাগের পাশে জমে ওঠে উদযাপন, আর সেই উল্লাসে খানিকটা নাচিয়েও দর্শকদের মাতিয়ে দেন পর্তুগিজ মহাতারকা।
ম্যাচের ৭৬তম মিনিটে রোনালদোর সেই গোলেই এগিয়ে যায় আল নাসর। এরপর ৯০তম মিনিটে ব্যবধান বাড়ান কিংসলে কোমান। বুধবার সৌদি প্রো লিগে ঘরের মাঠে আল আহলির বিপক্ষে ২-০ গোলের জয় পায় স্বাগতিকরা।
হাজার গোলের মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর মোট গোল এখন ৯৭০। চলতি লিগে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ডের গোল ২৬ ম্যাচে ২৫টি, সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন তিন নম্বরে।
এই জয়ে কাঙ্ক্ষিত লিগ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল আল নাসর। ৩০ ম্যাচে ২৬ জয় ও এক ড্রয়ে তাদের সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে আল হিলাল। ২০১৮-১৯ মৌসুমের পর আবারও শিরোপা ছোঁয়ার স্বপ্ন দেখছে দলটি।
এ জাতীয় আরো খবর..