গুরুতর চোট পেয়েছেন জিদানের ছেলে, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২৮, | ১৮:২৩:৫১ |
বিশ্বকাপে অভিষেকের কয়েক সপ্তাহ আগেই বড় ধাক্কা খেল আলজেরিয়া । দলের প্রথম পছন্দের গোলরক্ষক লুকা জিদান গুরুতর চোটে পড়েছেন, যার ফলে অন্তত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে তাদের প্রথম পছন্দের গোলরক্ষককে ছাড়াই খেলতে হবে।

বিশ্বকাপে আলজেরিয়ার প্রথম ম্যাচ আগামী ১৬ জুন কানসাস সিটিতে আর্জেন্টিনার বিপক্ষে। বড় এই ম্যাচের আগে প্রধান গোলরক্ষককে হারানো দলটির পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে।

ফ্রান্সের বিশ্বকাপজয়ী মহাতারকা জিনেদিন জিদানের ছেলে লুকা জাতীয় দল হিসেবে বেছে নিয়েছেন আলজেরিয়াকে। ফ্রান্সের হয়ে খেলে বিশ্বজোড়া খ্যাতি পেলেও বাবা-মার সূত্রে জিদানের শরীরে বইছে আলজেরিয়ান রক্ত। সেই সূত্রে দাদা-দাদির দেশের হয়েই জাতীয় দলের ক্যারিয়ার গড়েছেন লুকা।

রিয়াল মাদ্রিদের একাডেমির সাবেক গোলরক্ষক লুকা স্পেনে ক্লাব ফুটবল খেলতে গিয়ে এই চোট পেয়েছেন। লা লিগায় গ্রানাডার হয়ে ইউডি আলমেরিয়ার বিপক্ষে খেলতে গিয়ে ব্রাজিলিয়ান খেলোয়াড় থালিসের সঙ্গে সংঘর্ষে তার মাথায় আঘাত লাগে। এতে তার কনকাশন (মাথায় আঘাতজনিত সমস্যা) এবং চোয়াল ও থুতনিতে ফ্র্যাকচার হয়। ম্যাচের পরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক কনকাশন থেকে তিনি সেরে উঠলেও, সামগ্রিক পরিস্থিতি জটিল। এই চোটের কারণে তিনি মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন না। আর যদি অস্ত্রোপচার করাতে হয়, তাহলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন।


গ্রানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, 'ইউডি আলমেরিয়ার বিপক্ষে শেষ ম্যাচে কনকাশনের পর লুকা জিদানের মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে, তার চোয়াল ও থুতনিতে ফ্র্যাকচার রয়েছে।'

চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচার এড়ানো সম্ভব কি না, নাকি দীর্ঘমেয়াদি বিশ্রাম দরকার, শেষ সিদ্ধান্ত নির্ভর করবে খেলোয়াড় ও ক্লাবের মেডিক্যাল টিমের ওপর।

এই চোট আলজেরিয়ার জন্য বড় ধাক্কা, কারণ দলে তিনি গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিলেন। সর্বশেষ আফ্রিকা কাপ অব নেশনসে পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে তিনি ছিলেন প্রথম একাদশে, আর সম্প্রতি উরুগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচেও খেলেছেন।

কোচ ভ্লাদিমির পেটকোভিচকে এখন গোলরক্ষক পজিশনের বিকল্প ভাবছেন। সম্ভাব্য নামগুলোর মধ্যে আছেন বেশি অভিজ্ঞ অ্যান্টনি মান্দ্রেয়া এবং তুলনামূলক কম অভিজ্ঞ মেলভিন মাসতিল।

এর আগে লুকা জিদান ব্যাখ্যা করেছিলেন কেন বাবা জিদান ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো সত্বেও তিনি আলজেরিয়ার হয়ে খেলার অপশন বেছে নিয়েছেন ।

তিনি বলেন, 'আমি যখন আলজেরিয়ার কথা ভাবি, আমার দাদুর কথা মনে পড়ে। ছোটবেলা থেকেই আমাদের পরিবার আলজেরিয়ান সংস্কৃতির সঙ্গে জড়িত। জাতীয় দলে যোগ দেওয়ার আগে তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি খুব খুশি হয়েছিলেন। কোচ ও ফেডারেশনের প্রেসিডেন্ট যখন আমাকে ডাকেন, তখন নিজের দেশকে প্রতিনিধিত্ব করা আমার কাছে স্পষ্ট সিদ্ধান্ত ছিল।'

নিজের শিকড়ের টান ছাড়াও ইউরোপীয় দলে জায়গা পাওয়ার কঠিন বাস্তবতাও তার সিদ্ধান্তে ভূমিকা রেখেছিল। সেই প্রেক্ষাপটে আলজেরিয়ার হয়ে খেলা তাকে আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠার বড় সুযোগ করে দেয়।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..