বিশ্বকাপের আগে মেসির সামনে দ্রুততম সেঞ্চুরির হাতছানি

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-২২, | ১৯:১৬:২৪ |
লিওনেল মেসি হাসছেন। ইন্টার মিয়ামির অনুশীলনে রদ্রিগো দি পলের সঙ্গে তাঁর সেই চিরচেনা হাসিমুখের ছবিই বলে দিচ্ছে, আর্জেন্টাইন জাদুকর ফুটবলকে কতটা উপভোগ করছেন। কোটি কোটি ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—আগামী বিশ্বকাপে কি দেখা যাবে ফুটবলের এই মহাতারকাকে? সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষার মাঝেই কাল সকালে এমএলএসে রিয়াল সল্ট লেকের মুখোমুখি হচ্ছে ইন্টার মিয়ামি।

বিশ্বকাপের আগে মেসির সামনে এখন সাতটি ম্যাচ। প্রতিটি ম্যাচই এখন তাঁর জন্য প্রস্তুতির মঞ্চ। যদিও মেসি এখনো জনসমক্ষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে ফুটবল বিশ্ব একরকম নিশ্চিত যে কাতার জয়ের পর এবার মুকুট রক্ষার মিশনেও নেতৃত্ব দেবেন এই খুদে জাদুকরই।

স্বাভাবিকভাবেই মেসি মাঠে নামা মানেই নতুন কোনো রেকর্ডের হাতছানি। এরই মধ্যে এমএলএসে ৬০ ম্যাচে ৯৪ গোলে অবদান (গোল ও অ্যাসিস্ট) মেসির। আর ৬টি গোল বা অ্যাসিস্ট করলেই সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করবেন। বর্তমানে এমএলএসে দ্রুততম ১০০ গোল কন্ট্রিবিউশনের রেকর্ডটি সেবাস্টিয়ান জিওভিনকোর (৯৫ ম্যাচ)। মেসি যদি তাঁর বর্তমান ছন্দ ধরে রাখেন, তবে তিনি জিওভিনকোর চেয়ে প্রায় ৩০ ম্যাচ কম খেলেই এই রেকর্ড নিজের করে নিতে পারেন। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকে মেসি কেবল মিয়ামির খেলার মানই বাড়াননি, বরং লিগের পরিসংখ্যানের সংজ্ঞাই বদলে দিয়েছেন।

কোচ গুইলার্মো হোয়োসের অধীনে মিয়ামি এখন অনেক বেশি শক্তিশালী। লুইস সুয়ারেজ ও দি পলের সঙ্গে মেসির রসায়ন মিয়ামিকে লিগের অন্যতম শক্তিশালী দলে পরিণত করেছে। ফুটবল প্রেমীদের নজর এখন রিয়াল সল্ট লেকের ম্যাচে দিকে—মেসি কি রেকর্ডের আরও কাছে পৌঁছে যাবেন?

বিশ্বকাপ বিরতির আগে মেসির সামনে থাকা ম্যাচগুলো হলো:
২২ এপ্রিল: রিয়াল সল্ট লেক (অ্যাওয়ে)
২৫ এপ্রিল: নিউ ইংল্যান্ড রেভোলিউশন (হোম)
২ মে: অরল্যান্ডো সিটি (হোম)
৯ মে: টরন্টো (অ্যাওয়ে)
১৩ মে: সিনসিনাটি (অ্যাওয়ে)
১৭ মে: পোর্টল্যান্ড টিম্বার্স (হোম)
২৪ মে: ফিলাডেলফিয়া ইউনিয়ন (হোম)

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..