১ম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-১৭, | ১১:৩৯:৩৩ |
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড। একাদশে চমক হিসেবে থাকছেন তিন পেসার মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

বাংলাদেশের তুলনায় নিউজিল্যান্ডের এই দল বেশ অনভিজ্ঞ।  একাধিক তারকা খেলোয়াড় আইপিএল ও পিএসএল খেলতে ব্যস্ত থাকায় তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে কিউইরা। চলতি বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলা একাদশের আটজন ক্রিকেটারকে আজ বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে না তারা। 

অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে। গত মাসে পাকিস্তানকে ২-১ ব্যবধানে হারিয়েছে টাইগাররা। তবে বাংলাদেশের মিডল অর্ডার এখনো কিছুটা অনিশ্চয়তায় রয়েছে। মেহেদী হাসান মিরাজ ও আফিফ হোসেনের ভূমিকা পরিষ্কার নয়। পাশাপাশি সাইফ হাসান, তাওহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও বড় ইনিংস প্রত্যাশা করা হচ্ছে। বোলিং বিভাগে তাসকিন, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমানের গতি দলের বড় শক্তি। সঙ্গে লেগ স্পিনার রিশাদ হোসেন ভিন্নতা এনে দিচ্ছেন। 



পরিসংখ্যান বলছে, ২০০৪ সালের পর থেকে বাংলাদেশে কোনো ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিততে পারেনি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে তারা প্রথম ম্যাচ হেরেছে, আর ২০২৩ সালের ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল। এই ম্যাচের ভাগ্য জানা যাবে সন্ধ্যার মধ্যেই। 

দুই দলের একাদশ-
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড: উইল ইয়াং, টম ল্যাথাম (উইকেটকিপার/ক্যাপ্টেন), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জোশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রোর্ক।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..