কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে কাজ করা গবেষণাপ্রতিষ্ঠান ‘অ্যানথ্রোপিক’ এখন নিজস্ব চিপ তৈরির পরিকল্পনা করছে।
উন্নত এআই সিস্টেম পরিচালনা ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় চিপের বিশ্বব্যাপী সংকট মোকাবেলায় সান ফ্রান্সিসকোভিত্তিক প্রতিষ্ঠানটি এমন পদক্ষেপ নেয়ার কথা ভাবছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
বর্তমানে পরিকল্পনাটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সূত্র মতে, অ্যানথ্রোপিক এখনো চিপ ডিজাইনের জন্য কোনো নির্দিষ্ট নকশা চূড়ান্ত করেনি বা আলাদা কোনো বিশেষজ্ঞ দলও গঠন করেনি। প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত নিজস্ব চিপ তৈরির বদলে বাজার থেকে চিপ কেনার সিদ্ধান্তও বহাল রাখতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কোম্পানি কর্তৃপক্ষ।
২০২৬ সালে অ্যানথ্রোপিকের তৈরি এআই মডেল ‘ক্লাউড’-এর চাহিদা ব্যাপক হারে বেড়েছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বার্ষিক আয় এখন ৩ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে, যা গত বছরের শেষেও ছিল মাত্র ৯০০ কোটি ডলার। এ বিশাল প্রবৃদ্ধির কারণে তাদের এখন প্রচুর শক্তিশালী কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি গুগল ও অ্যামাজনের তৈরি চিপ ব্যবহার করে নিজেদের কার্যক্রম চালাচ্ছে।
নিজস্ব চিপ তৈরির এ দৌড়ে অ্যানথ্রোপিক একা নয়। মেটা ও ওপেনএআইয়ের মতো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোও এখন অন্যের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের চিপ তৈরির চেষ্টা করছে। তবে একটি আধুনিক এআই চিপ তৈরি করা বেশ ব্যয়বহুল। শিল্প বিশেষজ্ঞদের মতে, একটি উন্নত চিপের ডিজাইন করতেই প্রায় ৫০ কোটি ডলার খরচ হতে পারে। এর জন্য প্রয়োজন দক্ষ প্রকৌশলী ও নিখুঁত উৎপাদন ব্যবস্থা। চিপ সংকটের এ সময়ে নিজস্ব উৎপাদন ব্যবস্থা থাকলে ভবিষ্যতে উদ্ভাবনের প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এ জাতীয় আরো খবর..