✕
নিউজ ডেস্ক
প্রকাশ :- ২০২৬-০৪-০৬, | ১৭:৩৬:২৪ |সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর হাজী ইউসুফ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, হাম এবং জ্বালানি সংকটে স্কুল বন্ধের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে অনলাইন ক্লাসের দিকে যাবে না প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাঙ্গনে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে হামবিষয়ক সচেতনতা শুরু হয়েছে। টিকার ব্যাপারে চূড়ান্ত আলোচনা চলছে। আগামী জুন-জুলাই শিক্ষাক্ষেত্র নতুন কিছু পদক্ষেপ নিয়ে আসছি। তার প্রেক্ষিতেই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হচ্ছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেরি করে অফিসে আসা তাদের গুণগত মানের সঠিক বিচার করে না। মন্ত্রণালয় জনগণের জন্য কাজ করবে। জবাবদিহিতার জায়গা তৈরি করবে।
এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি ৷ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মিড ডে মিলসহ স্বাস্থ্যগত উন্নয়নের ব্যাপারেও খোঁজ নেন প্রতিমন্ত্রী।