ইরানকে লক্ষ্য করে স্যাটেলাইট ইমেজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখল প্লানেট ল্যাবস

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০৫, | ১৬:১২:০৫ |
ইরান ও মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ অঞ্চলের ছবি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে স্যাটেলাইট ইমেজিং কোম্পানি প্লানেট ল্যাবস। সিদ্ধান্তটি গত মাসে আরোপ করা ১৪ দিনের বিলম্ব নীতির সম্প্রসারণ। ওই সময় কোম্পানিটি বলেছিল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর হামলায় শত্রুপক্ষ যাতে এসব ছবি ব্যবহার করতে না পারে, সে লক্ষ্যেই সিদ্ধান্তটি নেয়া হয়েছিল।

ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি গতকাল গ্রাহকদের পাঠানো এক ইমেইলে জানায়, সব স্যাটেলাইট ইমেজ সরবরাহকারীকে সংঘাতপূর্ণ অঞ্চলের ছবি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে অনুরোধ করেছে মার্কিন সরকার। সেই অনুরোধ মেনে তারা এ পদক্ষেপ নিচ্ছে।

কোম্পানিটি আরো জানায়, তারা ৯ মার্চ থেকে তোলা সব ছবি প্রকাশ স্থগিত রাখবে এবং এ নীতি যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকতে পারে।

স্যাটেলাইট প্রযুক্তির সামরিক ব্যবহারের মধ্যে রয়েছে লক্ষ্য নির্ধারণ, অস্ত্র পরিচালনা, ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং ও যোগাযোগ। কিছু মহাকাশ বিশেষজ্ঞের মতে, মার্কিন কোম্পানি ছাড়াও ইরান বাণিজ্যিক স্যাটেলাইট ছবি ব্যবহার করে থাকতে পারে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মাধ্যমে পাওয়া ছবিও থাকতে পারে। একইসঙ্গে সাংবাদিক ও গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ এসব ছবি, বিশেষ করে দুর্গম বা অপ্রবেশযোগ্য অঞ্চলের তথ্য বিশ্লেষণে।

প্লানেট ল্যাবস বিপুল সংখ্যক স্যাটেলাইট পরিচালনা করে এবং সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যমকে নিয়মিত হালনাগাদ ছবি সরবরাহ করে। তারা এ বিষয়ে অতিরিক্ত মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

অন্যদিকে পেন্টাগন জানিয়েছে, তারা গোয়েন্দা সংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করে না।

আরেক বাণিজ্যিক স্যাটেলাইট সরবরাহকারী ভানটুর জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরকার তাদের সঙ্গে যোগাযোগ করেনি। তবে তারা দীর্ঘদিন ধরেই ভূরাজনৈতিক সংঘাতের সময় নিয়ন্ত্রণ অধিকার সংরক্ষণ করে আসছে এবং বর্তমানে মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে তা কার্যকর করেছে।

এ নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, কে নতুন ছবি চাইতে পারবে বা বিদ্যমান ছবি কিনতে পারবে, তার ওপর বিধিনিষেধ। বিশেষ করে যেসব অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে বা যেসব এলাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু সেসব ক্ষেত্রে এ বিধিনিষেধ প্রযোজ্য।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..