মায়োর্কার বিপক্ষে আগের দুইবারের দেখায় পিছিয়ে পড়েও জিতেছিল রিয়াল মাদ্রিদ। আজও (শনিবার) তারা শুরুতে গোল হজম করল। শেষ দিকে তারা গোল শোধ দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল মাদ্রিদ ক্লাব। কিন্তু ইনজুরি টাইমের গোলে টেবিলের নিচের দিকে থাকা দলটির কাছে ২-১ ব্যবধানে হার দেখল তারা।
লা লিগার শিরোপার লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে গায়ে গা ঘেষে চলতে থাকা রিয়াল বড় ধাক্কা খেল এই পরাজয়ে। রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে তাদেরকে ৭ পয়েন্ট পেছনে ফেলবে বার্সেলোনা। ৩০ ম্যাচে পঞ্চম হারে রিয়ালের পয়েন্ট ৬৯। এক ম্যাচ কম খেলে বার্সা ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। চলতি মৌসুমের অষ্টম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চল থেকে বেরিয়ে ১৭ নম্বরে মায়োর্কা।
ম্যাচে শুধু গোল করা বাদে সবকিছুতেই একচ্ছত্র আধিপত্য ছিল রিয়ালের। ৬০ শতাংশের বেশি বল দখলে রেখেছিল। লক্ষ্যে শট রেখেছিল ছয়টি, কিন্তু একটিতে সফল হলেও বাকি পাঁচটি প্রচেষ্টা নস্যাৎ করে দেন মায়োর্কা কিপার লিও রোমান। অন্যদিকে লক্ষ্যে দুটি শট রেখে দুটিতেই সফল মায়োর্কা।
বিরতিতে যাওয়ার চার মিনিট আগে মানু মোরলানেস গোলমুখ খোলেন। তার আগে কিলিয়ান এমবাপে ও ম্যানুয়েল অ্যাঞ্জেল রোমান বাধা টপকাতে ব্যর্থ হন। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে এডার মিলিতাও রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু ইনজুরি টাইমের প্রথম মিনিটে ভেদাত মুরিকির গোলে রিয়ালের কপাল পোড়ে।
এ জাতীয় আরো খবর..