তেলবাহী বগি লাইনচ্যুত

১৬ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০২, | ১৩:৫৭:৪০ |
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর এ পথে ১৬ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। বুধবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি। 

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জানিয়েছেন, দেড় ঘণ্টার মধ্যে অর্থাৎ দুপুর আড়াইটার মধ্যে এ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে। 

অন্যদিকে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) নাজমুল হক জানান, দুর্ঘটনার পর রেল যোগাযোগ দ্রুত স্বাভাবিক করতে জোরেশোরে কাজ চলছে। একটি বগি সেতুর নিচে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা বিলম্বিত হচ্ছে। এছাড়া বাকি বগি ও রেললাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করার আশা প্রকাশ করেন তিনি। 

দুর্ঘটনায় ট্রেনটির অন্তত ছয়টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে গিয়ে পড়ে। কিছু বগি দুমড়েমুচড়ে গেছে। একটি ওয়াগন পাশের একটি সেতুর নিচে খাদে পড়ে যাওয়ায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে। দুর্ঘটনার পর ওয়াগনগুলো ফুটো হলে তেল বের হয়ে আশপাশের মাটিতে ছড়িয়ে পড়ে।

রাত ১২টার পর রেলওয়ের উদ্ধারকারী দল রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও মেরামত কাজ শুরু করে। ক্ষতিগ্রস্ত রেললাইন ও বগি সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করতে রাতভর কাজ চালিয়ে যান সংশ্লিষ্টরা। 

মনতলা স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..