প্রীতি ম্যাচে এবার স্পেনকে রুখে দিল মিশর

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৪-০১, | ১০:৫৪:০১ |
প্রথম অর্ধের পারফরম্যান্স একদমই মনমতো হলো না স্পেনের। বিরতির পর অবশ্য তাদের আক্রমণের ধার কিছুটা বাড়ল। শেষ দিকে আরও মরিয়া হয়ে উঠল দলটি। কিন্তু একজন কম নিয়েও, অসাধারণ দৃঢ়তায় জাল অক্ষত রাখল মিশর।

বার্সেলোনায় মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। এই ফলে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে স্প্যানিশরা।

তিন দিন আগে সার্বিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়া স্পেন এদিন ৬০ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ২৬টি শট নেয়, যদিও এর মাত্র ছয়টি লক্ষ্যে থাকে। আর মিশরের চার শটের একটিই লক্ষ্যে ছিল।



২৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো মিশর। তবে ভাগ্য সহায় হয় স্পেনের; ওমার মার্মুশের ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট পোস্টে বাধা পায়।
লামিনে ইয়ামাল ও দানি ওলমোসহ পাঁচজনকে বিরতির পর আর মাঠে নামাননি স্পেন কোচ। সতেজ ফুটবলারদের আগমনে দলটি স্বরূপে ফেরার আভাস দেয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে ভালো একটা সুযোগও পান ফেররান তরেস, যদিও গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন বার্সেলোনা ফরোয়ার্ড।

পরের কয়েক মিনিটে দলটি আরও কয়েকটি সুযোগ তৈরি করে; কিন্তু পেদ্রি-ফের্মিন লোপেসরা পারেননি সফল হতে।

৮৪তম মিনিটে ডিফেন্সিভ মিডফিল্ডার হামদি ফাথি দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মিশর। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..