এআই ডেটা সেন্টারের জন্য ৭ গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে মেটা

  • নিউজ ডেস্ক

    প্রকাশ :- ২০২৬-০৩-৩০, | ১৫:৪০:১৯ |

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বিশ্বের অন্যতম বড় ডেটা সেন্টার নির্মাণ করছে প্রযুক্তি জায়ান্ট মেটা।

বিশাল এ অবকাঠামোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের জোগান দিতে সাতটি নতুন প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। গত সপ্তাহে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর এনগ্যাজেট।

প্রতিবেদনে বলা হয়েছে, এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বা জ্বালানি অবকাঠামো উন্নয়নের জন্য ‘এন্টারজি লুইজিয়ানার’ সঙ্গে মেটা একটি বড় চুক্তি স্বাক্ষর করেছে। লুইজিয়ানার রিচল্যান্ড প্যারিশে নির্মাণাধীন এ মেগা ডেটা সেন্টারটির আয়তন প্রায় ৪০ লাখ বর্গফুট এবং এর প্রকল্প ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৭০০ কোটি ডলার। সেন্টারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে মেটা যে সাতটি গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে অর্থায়ন করছে, সেগুলোর সম্মিলিত উৎপাদনক্ষমতা হবে ৫ হাজার ২০০ মেগাওয়াট। বিদ্যুৎ স্থানান্তরের জন্য ২৪০ মাইল দীর্ঘ সঞ্চালন লাইন এবং তিনটি স্থানে ব্যাটারি এনার্জি স্টোরেজ সুবিধাও তৈরি করা হবে।

মেটার এ বিশাল বিনিয়োগের পেছনে স্থানীয় জনরোষ ও আইনি চাপের বড় ভূমিকা দেখছেন বিশেষজ্ঞরা। পরিবেশের ক্ষতি ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্রে এআই ডেটা সেন্টারগুলোর বিরুদ্ধে জনমত বাড়ছে। এক জরিপে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান এখন এআই খাতের ওপর কঠোর নিয়ন্ত্রণের পক্ষে।

এমনকি সম্প্রতি সিনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ ডেটা সেন্টার নির্মাণে স্থগিতাদেশ দেয়ার জন্য একটি বিল উত্থাপন করেন। সমালোচকদের মতে, কঠোর কোনো সরকারি নীতিমালা এড়াতে এবং ভোটারদের আশ্বস্ত করতেই মেটা এখন নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথে হাঁটছে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুন



এ জাতীয় আরো খবর..