ইরানের বিদ্যুৎ গ্রিডে সম্ভাব্য হামলার পরিকল্পনা আবারও স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার সম্ভাব্য সময়সীমা আরও ১০ দিন পিছিয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, ইরানের অনুরোধেই এ সময় বাড়ানো হয়েছে এবং দুই পক্ষের মধ্যে ‘আলোচনা ভালোভাবে আগাচ্ছে’। তবে ইরান এ ধরনের আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে।
এমন এক সময় এই ঘোষণা এল, যখন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এটি বর্তমানে অচল হয়ে পড়া বৈশ্বিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি করেছে।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। পরে ‘ফলপ্রসূ আলোচনা’র কথা বলে প্রথমে ৫ দিন সময় বাড়ানো হয়, আর এবার দ্বিতীয় দফায় আরও ১০ দিন বাড়ানো হলো।
তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একে ‘যুদ্ধাপরাধ সংঘটনের হুমকি’ হিসেবে আখ্যা দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো—বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র—লক্ষ্য করে হামলা চালানো জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, যদি তা সরাসরি সামরিক প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়।
বর্তমান সংঘাতের সূচনা হয় ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর থেকে পুরো অঞ্চলজুড়ে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান যুদ্ধ শেষ করতে ‘চুক্তির জন্য মিনতি করছে’। তবে তেহরান এই দাবি নাকচ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে—তাদের জ্বালানি স্থাপনায় হামলা হলে পুরো অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হবে।
বিশ্লেষকদের মতে, একদিকে আলোচনার দাবি, অন্যদিকে সামরিক হুমকি—এই দ্বৈত অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। মার্কিন গণমাধ্যমে ইরানে সম্ভাব্য স্থল অভিযানের কথাও আলোচিত হচ্ছে, যা বাস্তবায়িত হলে সংঘাত আরও তীব্র হতে পারে।
এদিকে চলমান সংঘাতে ইতোমধ্যে হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী কেন্দ্রিক এই সংকট বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এ জাতীয় আরো খবর..