বেনফিকার বিপক্ষে সান্তিয়াগো বার্নাব্যুতে নকআউট প্লে অফের দ্বিতীয় লেগে খেলবে রিয়াল মাদ্রিদ। ১-০ গোলে এগিয়ে থাকা স্প্যানিশ ক্লাব আজ (বুধবার) এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছে। ট্রেনিংয়ে হাঁটুতে চোট পেয়েছেন তাদের মেগাস্টার কিলিয়ান এমবাপে।
ফরাসি দৈনিক লেকিপ জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) ট্রেনিং পুরোপুরি শেষ করতে পারেননি এমবাপে। হাঁটুর সমস্যা নিয়ে মাঠ ছাড়েন। বাঁ পায়ে প্রচণ্ড ব্যথার কারণে বিকেলে কিছু স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া রিপোর্ট বলছে, বেনফিকার বিপক্ষে ফরাসি ফরোয়ার্ডকে পাওয়া একেবারে অসম্ভব বলা চলে।
গত ডিসেম্বরে এই চোট পেয়েছিলেন ফরাসি তারকা। পুরোপুরি সেরে না উঠতেই তাকে স্প্যানিশ সুপার কাপের জন্য ফেরানো হয়েছিল। নতুন কোচ হিসেবে আলভারো আরবেলোয়া আসার পর থেকে ব্যথা নিয়েই খেলে যাচ্ছেন তিনি।
লেকিপ জানিয়েছে, শুধু বেনফিকা ম্যাচই নয়, লা লিগায় গেতাফে ও সেল্তা ভিগোর বিপক্ষেও দর্শক হিসেবে থাকবেন এমবাপে। শেষ ষোলোতে রিয়াল উঠলে সেই ম্যাচেও তার খেলা অনিশ্চিত।
এমবাপে ট্রেনিং থেকে সরে দাঁড়ানোর পরও আরবেলোয়া গতকাল সংবাদ সম্মেলন করে জানান, ফরাসি বিশ্বকাপ জয়ীকে খেলানো হবে। কিন্তু ঘনিয়ে আসছে বিশ্বকাপ। এমন সময়ে শরীরের বিরুদ্ধে গিয়ে এমবাপে ঝুঁকি নেবেন কি না সেটাও ভাবতে হবে। এখন পর্যন্ত ধারণা করা হচ্ছে, অন্তত আগামী ১০ দিন বিশ্রামে থাকবেন তিনি। খেলবেন না তিন ম্যাচ।
এ জাতীয় আরো খবর..